প্রেস সচিব
জুলাই আন্দোলনের একেকটি প্রামাণ্যচিত্র ভারতীয় মিডিয়ার জন্য চপেটাঘাত

কুমিল্লা প্রতিনিধি
জুলাই আন্দোলনের একেকটি প্রামাণ্যচিত্র ভারতীয় বিভিন্ন মিডিয়ার জন্য ‘চপেটাঘাত’ বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। সোমবার দুপুরে কুমিল্লা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী ও দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে ‘জুলাই আন্দোলনের প্রামাণ্যচিত্র প্রদর্শনী’ শেষে প্রধান আলোচকের বক্তৃতায় এই মন্তব্য করেন তিনি।
শফিকুল আলম বলেন, ‘বাংলাদেশের জুলাই আন্দোলনকে নিয়ে ভারতীয় অনেক মিডিয়া আজেবাজে কথা প্রচার করে প্রোপাগান্ডা ছড়াচ্ছে। তবে আমার মনে হয়, আমাদের একেকটি প্রামাণ্যচিত্র ভারতীয় মিডিয়ার জন্য একেকটি চপেটাঘাত।’
প্রেস সচিব বলেন, নব্বইয়ের আন্দোলনে মেয়েদের সংখ্যা কম থাকলেও জুলাই গণ-অভ্যুত্থানের আন্দোলনের অগ্রভাগে ছিলেন মেয়েরা। শাহবাগ দখলেও মেয়েদের ভূমিকা ছিল। কী অভূতপূর্ব আন্দোলন। জুলাই আন্দোলনে মেয়েদের ভূমিকা নব্বইয়ের আন্দোলনের চেয়ে অনেক দুর্দান্ত। খুবই আনন্দের বিষয়, এই যে ইতিহাস তৈরি হলো, যাঁরা এই প্রত্যন্ত অঞ্চলে রয়েছেন, কিংবা ঢাকার বাইরে রয়েছেন, জুলাই অভ্যুত্থানের আন্দোলনের ইতিহাসে তাঁদেরও অংশগ্রহণ রয়েছে। এই প্রামাণ্যচিত্র তা উঠে এসেছে। কেউ কেউ বলার চেষ্টা করেন যে ঢাকার বাইরে কোনো আন্দোলন হয়নি বা কম আন্দোলন হয়েছে। এই প্রামাণ্যচিত্রে সে ধারণা দূর হবে।
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের ভার্চ্যুয়াল সম্মেলনকক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. হায়দার আলী। বিশেষ অতিথি ছিলেন সহ-উপাচার্য মাসুদা কামাল ও কোষাধ্যক্ষ মোহাম্মদ সোলাইমান।
কুমিল্লা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি জুবায়ের রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ আলোচক ছিলেন নেত্র নিউজের এডিটর ইন চিফ তাসনিম খলিল। পরে কুমিল্লা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির বিদায়ী কমিটির সদস্য ও অতিথিদের ক্রেস্ট তুলে দেওয়া হয় এবং নতুন কমিটিকে বরণ করে নেওয়া হয়।
ভিওডি বাংলা/ এমএইচ







