আদালতে সোহেল রানা, আজই শুরু হচ্ছে রামিসা হত্যার বিচারকাজ

রাজধানীর পল্লবীতে শিশু রামিসাকে ধর্ষণ ও হত্যার ঘটনায় দায়ের করা মামলায় অভিযোগ (চার্জ) গঠনের শুনানি আজ সোমবার (১ জুন) অনুষ্ঠিত হচ্ছে। এ উপলক্ষে মামলার প্রধান আসামি সোহেল রানা ও তার স্ত্রীকে আদালতে হাজির করা হয়েছে।
সকাল পৌনে ৮টার দিকে প্রিজনভ্যানে করে সোহেল রানাকে আদালতে আনা হয়। আসামিদের উপস্থিতিতে ঢাকার শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালে অভিযোগ গঠনের শুনানি অনুষ্ঠিত হবে। অভিযোগ গঠিত হলে মামলার আনুষ্ঠানিক বিচারকাজ শুরু হবে।
এর আগে গত ২৪ মে মামলার তদন্ত কর্মকর্তা ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে অভিযোগপত্র জমা দেন। আদালত অভিযোগপত্র গ্রহণ করে মামলাটি বিচারের জন্য ঢাকার শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালে পাঠান।
গত ১৯ মে পল্লবীর একটি বাসা থেকে আট বছর বয়সী রামিসার খণ্ডিত মরদেহ উদ্ধার করে পুলিশ। ঘটনার পর ওই ফ্ল্যাটের বাসিন্দা সোহেল রানা ও তার স্ত্রীকে গ্রেপ্তার করা হয়। পরে আদালতে দেওয়া জবানবন্দিতে সোহেল ধর্ষণ ও হত্যার দায় স্বীকার করেন।
অভিযোগপত্রে সোহেল রানার বিরুদ্ধে ধর্ষণ ও হত্যার অভিযোগ আনা হয়েছে। এছাড়া তার স্ত্রীর বিরুদ্ধে অপরাধের আলামত নষ্টে সহায়তার অভিযোগ উল্লেখ করা হয়েছে। মামলায় রামিসার বাবা ও প্রতিবেশীসহ মোট ১৮ জনকে সাক্ষী করা হয়েছে।
ভিওডি বাংলা/জা







