পেজেশকিয়ানের পদত্যাগের গুঞ্জন নাকচ

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের পদত্যাগের গুঞ্জন নাকচ করে দিয়েছে দেশটির আধা সরকারি সংবাদ সংস্থা তাসনিম নিউজ এজেন্সি। রোববার প্রকাশিত এক প্রতিবেদনে সংস্থাটি জানিয়েছে, প্রেসিডেন্ট পেজেশকিয়ান কোনো পদত্যাগপত্র জমা দেননি এবং তিনি স্বাভাবিকভাবেই রাষ্ট্রীয় দায়িত্ব পালন করছেন।
তাসনিমের বরাতে একটি সূত্র জানায়, ‘পেজেশকিয়ান কোনো পদত্যাগপত্র জমা দেননি। তিনি আজও স্বাভাবিকভাবে তার দায়িত্ব পালন করেছেন এবং তার নির্ধারিত কর্মসূচিগুলো পরিকল্পনা অনুযায়ী চলবে।’
সূত্রটি আরও দাবি করে, প্রেসিডেন্টের পদত্যাগসংক্রান্ত গুঞ্জন গোয়েন্দা তথ্য সংগ্রহ, বিভেদ সৃষ্টি এবং ইরানের সামাজিক সম্প্রীতি ক্ষুণ্ন করার উদ্দেশ্যে ছড়ানো হয়েছে।
একই সূত্রের ভাষ্য অনুযায়ী, পদত্যাগের খবর প্রচারকারী কিছু মাধ্যম যেসব তথাকথিত সূত্রের উল্লেখ করেছে, সেগুলোর বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন রয়েছে। তাদের দাবি, এসব তথ্য বাস্তবতার চেয়ে অনুমান ও কল্পনার ওপর বেশি নির্ভরশীল।
এর আগে সামাজিক যোগাযোগমাধ্যম এবং কয়েকটি গণমাধ্যমে প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের পদত্যাগের গুঞ্জন ছড়িয়ে পড়ে। কিছু প্রতিবেদনে দাবি করা হয়, তিনি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনির কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র জমা দিয়েছেন।
তবে এ বিষয়ে ইরানের সরকারি কর্তৃপক্ষের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো ঘোষণা পাওয়া যায়নি। অন্যদিকে তাসনিম নিউজ এজেন্সি পদত্যাগের দাবিকে সরাসরি অস্বীকার করেছে।
ভিওডি বাংলা/আ







