• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

জাতিসংঘের বিশেষ দূতের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক    ২২ মে ২০২৬, ০৯:৫৮ এ.এম.
ছবি : সংগৃহীত

ফিলিস্তিনে নিযুক্ত জাতিসংঘের বিশেষ দূত ফ্রান্সিসকা আলবানেজের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে। তবে এতে সরকারের নীতিগত অবস্থানের কোনো পরিবর্তন হয়নি বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র।

বৃহস্পতিবার (২১ মে) আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন সাম্প্রতিক এক আদালতের রায়ের কারণে সাময়িকভাবে আলবানেজের নাম নিষেধাজ্ঞার তালিকা থেকে সরিয়েছে। সরকার আদালতের এই আদেশের বিরুদ্ধে আপিল করেছে। সুযোগ পেলে আলবানেজের নাম আবারও বিশেষভাবে চিহ্নিত নিষিদ্ধ ব্যক্তিদের তালিকায় অন্তর্ভুক্ত করা হবে।

পররাষ্ট্র দপ্তর এক বিবৃতিতে জানিয়েছে, যদি ডিসি সার্কিট আদালত নিম্ন আদালতের আদেশ স্থগিত বা বাতিল করে, তাহলে সরকার আলবানেজের নাম পুনরায় সেই তালিকায় ফিরিয়ে আনতে চায়।

ট্রাম্প প্রশাসন ২০২৫ সালের জুলাইয়ে আলবানেজের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করে। এর আগে তিনি আন্তর্জাতিক অপরাধ আদালতকে ইসরায়েলি কর্মকর্তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির সুপারিশ করেছিলেন। সেই তালিকায় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নামও ছিল।

মানবাধিকার বিশেষজ্ঞ আলবানেজ দীর্ঘদিন ধরে ফিলিস্তিনিদের প্রতি ইসরায়েলের নীতির কঠোর সমালোচনা করে আসছেন। তিনি গাজায় চলমান ইসরায়েলি কর্মকাণ্ডকে গণহত্যা হিসেবে উল্লেখ করে একাধিক প্রতিবেদনও প্রকাশ করেছেন। তিনি ইতালীয় নাগরিক হলেও তার মেয়ে যুক্তরাষ্ট্রের নাগরিক এবং দেশটিতে তার সম্পদও রয়েছে।

গত ফেব্রুয়ারিতে তার পরিবার ওয়াশিংটন ডিসির একটি মার্কিন ফেডারেল আদালতে দেওয়ানি মামলা দায়ের করে। মামলায় বলা হয়, এই নিষেধাজ্ঞা আলবানেজের সাংবিধানিক অধিকার, বিশেষ করে মতপ্রকাশের স্বাধীনতা লঙ্ঘন করেছে। নিষেধাজ্ঞার ফলে আলবানেজ তার ব্যাংক হিসাব, অ্যাপার্টমেন্ট এবং যুক্তরাষ্ট্র-সংশ্লিষ্ট আর্থিক ব্যবস্থায় প্রবেশাধিকার হারান।

পরে ১৩ মে মার্কিন জেলা আদালতের বিচারক রিচার্ড লিওন বাদীপক্ষের পক্ষে রায় দেন এবং আলবানেজের বিরুদ্ধে নিষেধাজ্ঞা স্থগিত করে প্রাথমিক আদেশ জারি করেন।
ভিওডি বাংলা/এসআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পাকিস্তানে অভিযানে শীর্ষ কমান্ডারসহ নিহত ২৩ জঙ্গি
পাকিস্তানে অভিযানে শীর্ষ কমান্ডারসহ নিহত ২৩ জঙ্গি
মহারাষ্ট্রে বাঘের হামলায় নিহত ৪ নারী
মহারাষ্ট্রে বাঘের হামলায় নিহত ৪ নারী
ফের সিরিয়ায় হামলা চালাল ইসরায়েল
ফের সিরিয়ায় হামলা চালাল ইসরায়েল