শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে যে বার্তা দিলো ভারত

শেখ হাসিনার প্রত্যর্পণ ও বাংলাদেশে ফেরানোর দাবি নিয়ে ভারতের অবস্থান আবারও স্পষ্ট করা হয়েছে। নয়াদিল্লি বলছে, বিষয়টি সম্পূর্ণভাবে আইনি প্রক্রিয়ার আওতাভুক্ত এবং সেই নিয়ম অনুসারেই এর নিষ্পত্তি হবে।
মঙ্গলবার (১৪ জুলাই) নয়াদিল্লিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক সংবাদ সম্মেলনে এ কথা বলেন মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল।
সম্প্রতি আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ডিসেম্বরের মধ্যে দেশে ফেরার পরিকল্পনার কথা জানান।
ওই সাক্ষাৎকারের পর শেখ হাসিনার প্রত্যর্পণ ও বাংলাদেশে ফেরানোর বিষয়ে ভারতের অবস্থান জানতে চাইলে রণধীর জয়সওয়াল বলেন, ‘সাবেক প্রধানমন্ত্রী যে সাক্ষাৎকার দিয়েছেন, সেই নির্দিষ্ট বিষয়ে আমাদের দৃষ্টিভঙ্গিতে কোনো পরিবর্তন আসেনি। যে কোনো প্রত্যর্পণ মূলত একটি আইনি বিষয় ও সেই নিয়ম অনুযায়ীই এর মোকাবিলা করা হবে।’
সংবাদ সম্মেলনে বাংলাদেশে চলমান ভারতের ১১টি উন্নয়ন প্রকল্প নিয়েও প্রশ্ন ওঠে। কিছু গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে এসব প্রকল্পের অগ্রগতিতে ঘাটতির কারণে সেগুলো স্থগিত হতে পারে বলে উল্লেখ করা হয়।
এর জবাবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, ‘বাংলাদেশে আমাদের যে উন্নয়ন প্রকল্প কর্মসূচি রয়েছে, তা সম্পূর্ণভাবে বাংলাদেশের সঙ্গে পারস্পরিক আলোচনার মাধ্যমেই করা হয়েছে এবং বর্তমানেও তা সেভাবেই সচল রয়েছে।’
উল্লেখ্য, ২০২৪ সালের আগস্টে ছাত্র জনতার গণঅভ্যুত্থানের পর শেখ হাসিনা দেশ ছাড়েন এবং এরপর থেকে তিনি ভারতে অবস্থান করছেন। এদিকে মানবতাবিরোধী অপরাধ ও হত্যার অভিযোগে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় দিয়েছেন। এর পরিপ্রেক্ষিতে বাংলাদেশ সরকার আনুষ্ঠানিকভাবে ভারতের কাছে শেখ হাসিনার প্রত্যর্পণ চেয়ে আবেদন পাঠিয়েছে।
ভিওডি বাংলা/এমএস








মন্তব্য