একদিনে রেকর্ড ২৭৪ পর্বতারোহীর এভারেস্ট জয়

নেপালের দিক থেকে একদিনে সবচেয়ে বেশিসংখ্যক পর্বতারোহী এভারেস্ট জয় করার নতুন রেকর্ড তৈরি করেছে। বুধবার (২০ মে) একসঙ্গে ২৭৪ জন পর্বতারোহী বিশ্বের সর্বোচ্চ এই পর্বতচূড়ায় পৌঁছেছেন।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, নেপালের এক পর্বতারোহণ কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন।
আট হাজার ৮৪৯ মিটার বা ২৯ হাজার ৩২ ফুট উচ্চতার মাউন্ট এভারেস্ট নেপাল ও চীনের তিব্বত অঞ্চলের সীমান্তে অবস্থিত। দুই দিক থেকেই এই পর্বতে ওঠা যায়। তবে এ বছর তিব্বতের দিক থেকে কোনো পর্বতারোহী এভারেস্টে উঠতে পারেননি। চীনা কর্তৃপক্ষ সেই পথে পর্বতারোহণের অনুমতি দেয়নি।
বৃহস্পতিবার নেপালের পর্বতারোহণ কর্মকর্তা ঋষি ভান্ডারি জানান, এর আগে নেপালের দিক থেকে একদিনে সবচেয়ে বেশি ২২৩ জন পর্বতারোহী এভারেস্ট জয় করেছিলেন। সেই রেকর্ড হয়েছিল ২০১৯ সালের ২২ মে।
গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের তথ্য অনুযায়ী, দুই দিক মিলিয়ে এভারেস্টে সবচেয়ে বেশি মানুষ ওঠার রেকর্ড তৈরি হয়েছিল ২০১৯ সালের ২৩ মে। সেদিন মোট ৩৫৪ জন পর্বতারোহী একসঙ্গে চূড়ায় পৌঁছেছিলেন।
ঋষি ভান্ডারি বলেন, ‘নেপালের দিক থেকে একদিনে এটাই এখন পর্যন্ত সবচেয়ে বেশি পর্বতারোহীর সংখ্যা।’ তিনি জানান, এই সংখ্যা আরও বাড়তে পারে। কারণ অনেক পর্বতারোহী এখনও বেস ক্যাম্পে নিজেদের সফলভাবে চূড়ায় ওঠার তথ্য পাঠাননি।
তিনি আরও বলেন, সাধারণত এপ্রিল ও মে মাসের পর্বতারোহণ মৌসুমে তিব্বতের দিক থেকেও প্রায় ১০০ জন এভারেস্টে ওঠার চেষ্টা করেন।
নেপালের পর্যটন বিভাগের কর্মকর্তা হিমাল গৌতম বলেন, তিনি প্রাথমিক তথ্য পেয়েছেন যে বুধবার ২৫০ জনেরও বেশি পর্বাতারোহী চূড়ায় আরোহণ করেছেন।
হিমাল গৌতম বলেন, ‘আমরা পর্বতারোহীদের ফিরে আসার জন্য অপেক্ষা করছি। তাদের আরোহণের প্রমাণ হিসেবে ছবি ও অন্যান্য নথি দেয়ার পর আমরা তাদের আরোহণের সনদপত্র প্রদান করব। কেবল তখনই আমরা সংখ্যাটি নিশ্চিত করতে পারব।’
ভিওডি বাংলা/এফএ







