রাজবাড়ীতে মাদক মামলায় সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

রাজবাড়ীর গোয়ালন্দ থেকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের একটি মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
গ্রেপ্তারকৃত মো. আইয়ুব মোল্লা গোয়ালন্দঘাট থানাধীন উত্তর দৌলতদিয়া এলাকার আব্দুল জলিল মোল্লার ছেলে।
শুক্রবার (১৫ মে) র্যাব-১০ এর সহকারী পরিচালক (মিডিয়া) সিনিয়র সহকারী পুলিশ সুপার তাপস কর্মকার স্বাক্ষরিত একটি সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে ও তথ্যপ্রযুক্তির সহায়তায় শুক্রবার দুপুরে রাজবাড়ী জেলার গোয়ালন্দঘাট থানাধীন গফুর মোল্লা পাড়া এলাকা থেকে আইয়ুব মোল্লাকে গ্রেপ্তার করে র্যাব-১০, সিপিসি-৩, ফরিদপুর ক্যাম্পের একটি দল। তিনি গোয়ালন্দঘাট থানার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের একটি মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামি।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি জানিয়েছে, সে দীর্ঘদিন ধরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে বিভিন্ন এলাকায় আত্মগোপনে ছিল।
গ্রেপ্তারকৃত আইয়ুব মোল্লাকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানিয়েছে র্যাব।
ভিওডি বাংলা/এফএ







