• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

পরিবারের ভেতর থেকেই ডাকাতির পরিকল্পনা, গ্রেপ্তার ৫

আন্তর্জাতিক ডেস্ক    ১৫ মে ২০২৬, ০৬:২৩ পি.এম.
উত্তরপ্রদেশে ডাকাতির ঘটনায় গ্রেফতার হওয়া অভিযুক্তদের জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। ছবি : সংগৃহীত

ভারতের উত্তরপ্রদেশের মুরাদাবাদে এক পিতল ব্যবসায়ীর বাড়িতে সংঘটিত ভয়াবহ ডাকাতির ঘটনায় নতুন মোড় নিয়েছে তদন্ত। প্রাথমিকভাবে অজ্ঞাত দুর্বৃত্তদের হামলা মনে হলেও পরে জানা যায়, পুরো ঘটনার নেপথ্যে ছিলেন ব্যবসায়ীরই কন্যা। প্রেমিকের সঙ্গে মিলে তিনি এই ডাকাতির পরিকল্পনা ও বাস্তবায়নে সহযোগিতা করেন বলে জানিয়েছে পুলিশ।

ঘটনাটি ঘটে গত ১১ মে ভোরে। ভোররাত আনুমানিক ৪টার দিকে একদল সশস্ত্র ডাকাত ব্যবসায়ী মোহাম্মদ ইমরানের বাড়িতে প্রবেশ করে পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে ফেলে।

এরপর তারা নগদ অর্থ ও স্বর্ণালঙ্কারসহ বিপুল সম্পদ লুট করে দ্রুত পালিয়ে যায়। লুট হওয়া সম্পদের পরিমাণ প্রায় ১ কোটি ২০ লাখ রুপি বলে জানা গেছে। পালানোর সময় তারা বাড়ির সিসিটিভি ফুটেজ সংরক্ষিত ডিভিআর-ও সঙ্গে নিয়ে যায়, যাতে শনাক্তকরণ কঠিন হয়। 

ঘটনার সময় বাড়িতে ব্যবসায়ী ইমরান, তার স্ত্রী সীমা এবং তাদের চার সন্তান উপস্থিত ছিলেন। আকস্মিক এই হামলায় পুরো পরিবার আতঙ্কিত হয়ে পড়ে।

ঘটনার পরপরই পুলিশ তদন্তে নামে এবং চারটি বিশেষ তদন্ত দল গঠন করা হয়। তদন্তের অগ্রগতির সঙ্গে সঙ্গে সামনে আসে চমকপ্রদ তথ্য। পুলিশ জানায়, ব্যবসায়ীর মেয়ে আরিবা দীর্ঘ প্রায় সাত-আট বছর ধরে অমরোহার বাসিন্দা আরশাদ ওয়ারসির সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িত ছিলেন।

প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও তথ্য বিশ্লেষণে জানা যায়, পারিবারিকভাবে এই সম্পর্ক মেনে নেওয়া হবে না-এমন আশঙ্কা থেকেই তারা বড় ধরনের পরিকল্পনা করেন। সেই পরিকল্পনার অংশ হিসেবে পরিবারের ঘরে থাকা বিপুল পরিমাণ অর্থ ও গহনা লুট করে নতুন জীবন শুরু করার সিদ্ধান্ত নেন তারা।

পুলিশের ভাষ্য অনুযায়ী, আরিবা নিজের বাড়ির অর্থ কোথায় রাখা আছে এবং নিরাপত্তা ব্যবস্থার বিস্তারিত তথ্য প্রেমিক আরশাদকে সরবরাহ করেন। এমনকি ডাকাতির এক মাস আগে তিনি আরশাদের হাতে বাড়ির প্রধান ফটকের চাবিও তুলে দেন বলে অভিযোগ রয়েছে। ঘটনার রাতে তিনি ঘরের ভেতর থেকে ডিজিটাল লক খুলে দেন, যাতে বাইরের সশস্ত্র দল সহজেই ভেতরে প্রবেশ করতে পারে।

তদন্তের ধারাবাহিকতায় পুলিশ এ পর্যন্ত মোট পাঁচজনকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারদের মধ্যে রয়েছে আরিবা, তার প্রেমিক আরশাদ ওয়ারসি এবং আরও তিনজন সহযোগী।

গ্রেপ্তারকৃতদের কাছ থেকে পুলিশ উদ্ধার করেছে উল্লেখযোগ্য পরিমাণ অর্থ ও অস্ত্র। উদ্ধারকৃত সামগ্রীর মধ্যে রয়েছে প্রায় ৪৭ লাখ ২৪ হাজার রুপি নগদ টাকা, চারটি দেশি পিস্তল, পাঁচটি মোবাইল ফোন এবং দুটি গাড়ি। 

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। পাশাপাশি লুট হওয়া বাকি অর্থ উদ্ধার এবং এই ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখতে তদন্ত অব্যাহত রয়েছে।

সূত্র: ইন্ডিয়া টুডে

ভিওডি বাংলা/জা

 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পাকিস্তানে আত্মঘাতী হামলা, নিহত ৯
পাকিস্তানে আত্মঘাতী হামলা, নিহত ৯
মমতার আইনজীবী পরিচয় নিয়ে বার কাউন্সিলের অনুসন্ধান
মমতার আইনজীবী পরিচয় নিয়ে বার কাউন্সিলের অনুসন্ধান
পশ্চিম এশিয়ায় উত্তেজনা, ভারতে জ্বালানির দাম বৃদ্ধি
পশ্চিম এশিয়ায় উত্তেজনা, ভারতে জ্বালানির দাম বৃদ্ধি