• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

আমিরাতের সঙ্গে জ্বালানি ও প্রতিরক্ষা চুক্তি ভারতের

আন্তর্জাতিক ডেস্ক    ১৫ মে ২০২৬, ০৩:৫০ পি.এম.
ছবি: সংগৃহীত

কূটনৈতিক সফরে বড় অগ্রগতি দেখাল ভারত ও সংযুক্ত আরব আমিরাত। প্রতিরক্ষা সহযোগিতা, জ্বালানি নিরাপত্তা ও অবকাঠামো খাতে একাধিক গুরুত্বপূর্ণ চুক্তি স্বাক্ষর করেছে দুই দেশ। একই সঙ্গে ভারতের বিভিন্ন অবকাঠামো প্রকল্প ও আর্থিক প্রতিষ্ঠানে ৫ বিলিয়ন ডলার বিনিয়োগের ঘোষণা দিয়েছে আবুধাবি।

রাষ্ট্রীয় সফরে বর্তমানে সংযুক্ত আরব আমিরাতে অবস্থান করছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এটি তার পাঁচ দেশ সফরের প্রথম ধাপ।

গণমাধ্যমের খবরে বলা হয়, শুক্রবার (১৫ মে) নরেন্দ্র মোদি এবং আমিরাতের প্রেসিডেন্ট মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের উপস্থিতিতে এসব চুক্তি ও সমঝোতা বিনিময় হয়।

চুক্তিগুলোর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল ভারত–আমিরাত কৌশলগত প্রতিরক্ষা অংশীদারত্ব কাঠামো নিয়ে সমঝোতা। এর মাধ্যমে দুই দেশের নিরাপত্তা ও সামরিক সহযোগিতা আরও গভীর ও বিস্তৃত হবে বলে ধারণা করা হচ্ছে।

এছাড়া কৌশলগত পেট্রোলিয়াম মজুত এবং তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) সরবরাহ বিষয়ে পৃথক দুটি সমঝোতা স্মারক সই হয়েছে। এতে ভারতের জ্বালানি নিরাপত্তা আরও সুদৃঢ় হবে বলে মনে করা হচ্ছে।

আরেকটি চুক্তির আওতায় ভারতের গুজরাটের ভাদিনারে একটি জাহাজ মেরামত শিল্পকেন্দ্র গড়ে তোলার পরিকল্পনা নেওয়া হয়েছে। লক্ষ্য হলো সামুদ্রিক অবকাঠামো উন্নয়ন এবং শিল্প সহযোগিতা বৃদ্ধি।

এদিকে পৃথকভাবে আমিরাত ঘোষণা দিয়েছে, তারা ভারতের অবকাঠামো খাতের পাশাপাশি আরবিএল ব্যাংক এবং সাম্মান ক্যাপিটালে মোট ৫ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে।

বৈঠকে আঞ্চলিক উত্তেজনা প্রসঙ্গে মোদি ‘সংলাপ ও কূটনীতি’র ওপর গুরুত্বারোপ করেন। তিনি সংকটপূর্ণ পরিস্থিতিতে ধৈর্য প্রদর্শনের জন্য আমিরাতের প্রেসিডেন্টের ভূয়সী প্রশংসাও করেন। একই সঙ্গে আমিরাতের ওপর হওয়া হামলার নিন্দা জানিয়ে মোদি বলেন, ‘ভারত সবসময় আমিরাতের পাশে রয়েছে।’

তিনি আরও জানান, আমিরাতে বসবাসরত ভারতীয়দের দেশটির সরকার ‘পরিবারের সদস্যের মতো’ দেখভাল করছে।

পশ্চিম এশিয়ার চলমান সংঘাত নিয়েও উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, অঞ্চলটির উত্তেজনা প্রশমনে সংলাপ ও কূটনৈতিক উদ্যোগই সবচেয়ে গুরুত্বপূর্ণ পথ।

তথ্যসূত্র: দ্য ইকোনোমিক টাইমস

ভিওডি বাংলা/এমএস 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পদত্যাগ করলেন কলকাতার মেয়র
পদত্যাগ করলেন কলকাতার মেয়র
সাহারা মরুভূমিতে বিকল ট্রাক, তৃষ্ণায় ৪৯ জনের মৃত্যু
সাহারা মরুভূমিতে বিকল ট্রাক, তৃষ্ণায় ৪৯ জনের মৃত্যু
জেলেনস্কির বৈঠকের প্রস্তাব প্রত্যাখ্যান করলেন পুতিন
জেলেনস্কির বৈঠকের প্রস্তাব প্রত্যাখ্যান করলেন পুতিন