সন্ধ্যার মধ্যে যেসব অঞ্চলে ঝড়ের আশঙ্কা

দেশের বিভিন্ন অঞ্চলে সন্ধ্যার মধ্যে দমকা হাওয়াসহ বৃষ্টি কিংবা বজ্রবৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। কিছু এলাকায় ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে বলেও পূর্বাভাস দেওয়া হয়েছে।
শুক্রবার (১৫ মে) সকাল ৮টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া এক সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, রংপুর, দিনাজপুর, ময়মনসিংহ, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে দমকা কিংবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ সময় বাতাসের গতিবেগ ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার পর্যন্ত হতে পারে।
একই সঙ্গে এসব এলাকায় বৃষ্টি অথবা বজ্রবৃষ্টির আশঙ্কাও রয়েছে বলে উল্লেখ করা হয়েছে সতর্কবার্তায়।
এ পরিস্থিতিতে সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে নির্দেশ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
ভিওডি বাংলা/এমএস







