• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

মমতার আইনজীবী পরিচয় নিয়ে বার কাউন্সিলের অনুসন্ধান

আন্তর্জাতিক ডেস্ক    ১৫ মে ২০২৬, ১১:১২ এ.এম.
ছবি: সংগৃহীত

কলকাতা হাইকোর্টে আইনজীবীর পোশাকে হাজির হয়ে নিজেই মামলা পরিচালনায় অংশ নেওয়ার পর এবার পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী হিসেবে বর্তমান অবস্থান নিয়ে খোঁজ শুরু করেছে বার কাউন্সিল অফ ইন্ডিয়া।

বৃহস্পতিবার (১৪ মে) সংস্থাটি পশ্চিমবঙ্গ বার কাউন্সিলের কাছে জানতে চেয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের আইনচর্চার আনুষ্ঠানিক স্বীকৃতি এখনও বহাল আছে কি না এবং তার প্র্যাকটিসের বর্তমান স্ট্যাটাস কী। এ সংক্রান্ত বিস্তারিত তথ্য দুই দিনের মধ্যে জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

গতকাল নির্বাচন-পরবর্তী সহিংসতা সংক্রান্ত একটি মামলার শুনানিতে কলকাতা হাইকোর্টে উপস্থিত ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন তিনি আইনজীবীদের নির্ধারিত পোশাক পরে আদালতে আসেন এবং মামলায় নিজেই প্রশ্ন তোলেন। এরপর থেকেই তিনি আদৌ বার কাউন্সিলের তালিকাভুক্ত আইনজীবী কি না, তা নিয়ে আলোচনা শুরু হয়।

বার কাউন্সিল অফ ইন্ডিয়া পশ্চিমবঙ্গ বার কাউন্সিলের কাছে চারটি বিষয়ে তথ্য চেয়েছে। সেগুলো হলো— মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ বার কাউন্সিলের নিবন্ধিত সদস্য কি না, তার আইনজীবী হিসেবে প্র্যাকটিসের স্ট্যাটাস সক্রিয়, স্থগিত নাকি বাতিল, মুখ্যমন্ত্রী থাকাকালে তিনি প্র্যাকটিস স্থগিত রাখার বিষয়ে কোনো লিখিত নোটিশ জমা দিয়েছিলেন কি না এবং পরে পুনরায় প্র্যাকটিস শুরু করতে কোনো আবেদন করেছিলেন কি না।

এর আগে গত ৪ ফেব্রুয়ারি পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনকে ঘিরে এসআইআর সংক্রান্ত মামলার শুনানিতে বহু বছর পর আইনজীবীর পোশাকে সুপ্রিম কোর্টে দেখা যায় মমতা বন্দ্যোপাধ্যায়কে। ওই মামলায় নির্বাচন কমিশনের বিরুদ্ধে প্রশ্ন তুলেছিলেন তিনি।

নির্বাচনে পরাজয়ের পর মমতা জানিয়েছিলেন, দলের বিভিন্ন মামলায় তিনি এখন থেকে সরাসরি উপস্থিত থাকবেন এবং পেশাগতভাবে আইনজীবী হিসেবেও কাজ চালিয়ে যাবেন। সেই ধারাবাহিকতায় ভোট-পরবর্তী সহিংসতা মামলার শুনানিতে বৃহস্পতিবার হাইকোর্টে হাজির হন তিনি।

তবে আদালতে বক্তব্য দেওয়ার আগে মমতা নিজেই জানান, তিনি ১৯৮৫ সালে আইনজীবী হিসেবে বার কাউন্সিলে নিবন্ধিত হন। মুখ্যমন্ত্রী থাকাকালীনও বিভিন্ন সময়ে তিনি দাবি করেছিলেন, চাইলে আইনজীবী হিসেবে কাজ করার অধিকার তার রয়েছে।

সূত্র: এই সময়

ভিওডি বাংলা/এমএস 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
প্রধানমন্ত্রীর পদত্যাগ, লাটভিয়ার রাজনীতিতে বড় ধাক্কা
প্রধানমন্ত্রীর পদত্যাগ, লাটভিয়ার রাজনীতিতে বড় ধাক্কা
পদত্যাগ করলেন ব্রিটিশ স্বাস্থ্যমন্ত্রী
পদত্যাগ করলেন ব্রিটিশ স্বাস্থ্যমন্ত্রী
আমিরাত উপকূল থেকে জাহাজ জব্দ, ইরানের দিকে নেওয়ার দাবি
আমিরাত উপকূল থেকে জাহাজ জব্দ, ইরানের দিকে নেওয়ার দাবি