ঢাকায় ধর্ষণ ও মাদক মামলার ২ আসামি গ্রেপ্তার

রাজধানীর কেরাণীগঞ্জ থেকে দুইজন সাজাপ্রাপ্ত ও পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
বৃহস্পতিবার (১৪ মে) বিকেলে কেরাণীগঞ্জের খোলামোড়া ঘাট ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- বরিশাল কোতয়ালী মডেল থানার একটি ধর্ষণ মামলার এজাহারভুক্ত আসামি মো. সোহেল রানা ওরফে হাসিব এবং ঢাকার কামরাঙ্গীরচর থানার মাদক মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি মো. রুবেল মিয়া।
র্যাব-১০ এর পাঠানো একটি সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে ও তথ্যপ্রযুক্তির সহায়তায় কেরাণীগঞ্জ মডেল থানাধীন খোলামোড়া ঘাট এলাকায় অভিযান চালিয়ে বরিশাল কোতয়ালী মডেল থানার একটি ধর্ষণ মামলার এজাহারভুক্ত আসামি মো. সোহেল রানা ওরফে হাসিবকে গ্রেপ্তার করা হয়। তিনি দীর্ঘদিন ভুক্তভোগীকে নিয়ে স্বামী-স্ত্রীর পরিচয়ে বিভিন্ন জায়গায় বাসা ভাড়া করে বসবাস করে আসছিলেন। এক পর্যায়ে হাসিব ভুক্তভোগীর সঙ্গে খারাপ আচরণ, মারধর ও জোরপূর্বক শারীরিক সম্পর্কে লিপ্ত হয়। ওই ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলার আবেদন করেন ভুক্তভোগী। পরে আদালতের নির্দেশে বরিশালের কোতয়ালী মডেল থানায় মামলাটি রুজু হয়।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, কেরাণীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এলাকায় আরেকটি অভিযান চালিয়ে ডিএমপির কামরাঙ্গীরচর থানার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের একটি মামলায় ১ বছরের সশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা অর্থদণ্ডের সাজাপ্রাপ্ত পলাতক আসামি মো. রুবেল মিয়াকে গ্রেপ্তার করে র্যাব-১০।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা দীর্ঘদিন ধরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে দেশের বিভিন্ন এলাকায় আত্মগোপনে থাকার কথা স্বীকার করে। আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আসামিদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানিয়েছে র্যাব।
ভিওডি বাংলা/এফএ







