ভারী বৃষ্টির শঙ্কা উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলে

বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া সুস্পষ্ট লঘুচাপের প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাতের প্রবণতা বাড়ছে। বিশেষ করে উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলের বিভাগগুলোতে আগামী কয়েকদিন মাঝারি থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অধিদফতর। একইসঙ্গে দেশের বিভিন্ন এলাকায় দমকা হাওয়া, বজ্রপাত ও বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টির আশঙ্কাও রয়েছে।
বৃহস্পতিবার (১৪ মে) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী পাঁচ দিনের আবহাওয়ার পূর্বাভাসে এমন তথ্য তুলে ধরা হয়।
আবহাওয়াবিদ খো. হাফিজুর রহমান জানান, দক্ষিণপশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি এখনও একই এলাকায় সক্রিয় রয়েছে।
এছাড়া পশ্চিমবঙ্গ ও আশপাশের এলাকায় আরেকটি লঘুচাপের বর্ধিতাংশ বিরাজ করছে, যার প্রভাব বাংলাদেশেও পড়ছে।
আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগে আগামী কয়েকদিন সবচেয়ে বেশি বৃষ্টিপাত হতে পারে। এসব অঞ্চলের অনেক জায়গায় মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের বিভিন্ন স্থানে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির আভাস দেওয়া হয়েছে।
বৃষ্টির সঙ্গে অস্থায়ী দমকা বা ঝড়ো হাওয়া এবং বজ্রপাতও হতে পারে বলে সতর্ক করেছে সংস্থাটি। বিশেষ করে বিকেল ও সন্ধ্যার দিকে বজ্রবৃষ্টির প্রবণতা বেশি থাকতে পারে।

শুক্রবার (১৫ মে) সন্ধ্যা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, উত্তরাঞ্চল ও উত্তর-পূর্বাঞ্চলের বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকবে। রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক এলাকায় বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও ভারী বর্ষণও হতে পারে।
এ সময় দেশের অন্য বিভাগগুলোর দু-এক জায়গায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দিনের ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অধিদফতর।
শনিবার (১৬ মে) ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক স্থানে বৃষ্টি হতে পারে। একইসঙ্গে রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু এলাকায় দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস রয়েছে। কোথাও কোথাও মাঝারি থেকে অতি ভারী বর্ষণ হতে পারে।
রোববার (১৭ মে) বৃষ্টির প্রবণতা কিছুটা কমলেও ময়মনসিংহ, সিলেট ও চট্টগ্রাম বিভাগের কয়েকটি এলাকায় ভারী বর্ষণের সম্ভাবনা থাকবে। দেশের অন্যান্য অঞ্চলেও বিচ্ছিন্নভাবে বজ্রসহ বৃষ্টি হতে পারে।
সোমবার (১৮ মে) আবারও রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। এদিনও দেশের বিভিন্ন স্থানে দমকা হাওয়া ও বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
তবে পুরো সময়জুড়ে দেশের তাপমাত্রায় বড় ধরনের পরিবর্তনের সম্ভাবনা নেই। কোথাও কোথাও সামান্য বাড়তে বা কমতে পারে।
আবহাওয়াবিদরা বলছেন, বৃষ্টির পাশাপাশি বজ্রপাতের ঝুঁকিও বাড়ছে। তাই খোলা মাঠ, নদী বা উঁচু স্থানে অবস্থানকারীদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। ঝড়-বৃষ্টির সময় অপ্রয়োজনে বাইরে বের না হওয়ারও আহ্বান জানানো হয়েছে।
আবহাওয়া অধিদফতর জানিয়েছে, বর্ধিত পাঁচদিনেও দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে।
ভিওডি বাংলা/জা







