মানুষে মানুষে বিবাদ নয়, ভালোবাসা হোক আমাদের পরিচয়

আজকের পৃথিবীতে মানুষ যত আধুনিক হচ্ছে, ততই যেন হৃদয়গুলো দূরে সরে যাচ্ছে। একই ঘরে থেকেও মানুষ একে অপরের প্রতি অপরিচিত হয়ে যাচ্ছে। ভাইয়ের সাথে ভাইয়ের বিবাদ, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন, বন্ধুদের মাঝে বিদ্বেষ, সমাজে হিংসা ও অহংকার—এসব যেন আমাদের জীবনের স্বাভাবিক অংশ হয়ে দাঁড়িয়েছে।
কিন্তু ইসলাম কখনো বিভেদ, হিংসা ও বিদ্বেষের শিক্ষা দেয় না। ইসলাম মানুষকে শিখিয়েছে ভালোবাসা, ক্ষমা, সহনশীলতা ও ভ্রাতৃত্বের শিক্ষা।
আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, “নিশ্চয়ই মুমিনরা পরস্পর ভাই ভাই। অতএব তোমরা তোমাদের দুই ভাইয়ের মধ্যে মীমাংসা করে দাও এবং আল্লাহকে ভয় কর, যাতে তোমরা রহমতপ্রাপ্ত হও।”— সূরা হুজুরাত : ১০।
এই আয়াত শুধু একটি নির্দেশ নয়; বরং একটি সমাজ গঠনের মূলনীতি। যেখানে মানুষের মাঝে ভালোবাসা থাকবে, ক্ষমা থাকবে, সেখানে আল্লাহর রহমত নেমে আসবে। আর যেখানে হিংসা, অহংকার ও শত্রুতা থাকবে, সেখানে শান্তি কখনো স্থায়ী হবে না।
বর্তমান সময়ে ছোট ছোট বিষয় নিয়ে সম্পর্ক নষ্ট হয়ে যাচ্ছে। একটু ভুল বোঝাবুঝি, সামান্য কথার আঘাত কিংবা স্বার্থের সংঘাতে বছরের পর বছর মানুষ কথা বলা বন্ধ রাখছে। অথচ আমরা ভুলে যাই—জীবন খুবই ক্ষণস্থায়ী।
রাসূলুল্লাহ ﷺ বলেছেন—“কোনো মুসলমানের জন্য বৈধ নয় যে, সে তার ভাইয়ের সাথে তিন দিনের বেশি সম্পর্ক বিচ্ছিন্ন রাখবে।”— সহীহ বুখারী
ভাবুন তো, যাদের সাথে আজ আমাদের কথা বন্ধ, যদি কাল তাদের মৃত্যু সংবাদ আসে? অথবা যদি আজই আমাদের জীবনের শেষ দিন হয়ে যায়? তখন এই অহংকার, এই রাগ, এই জেদ—কোনো কিছুরই আর মূল্য থাকবে না।
রাসূল ﷺ আরো বলেছেন—“প্রতি সোমবার ও বৃহস্পতিবার মানুষের আমল আল্লাহর দরবারে পেশ করা হয়। তখন প্রত্যেক বান্দাকে ক্ষমা করা হয়, তবে সেই ব্যক্তি নয় যার সাথে তার ভাইয়ের শত্রুতা রয়েছে।”— সহীহ মুসলিম
কত ভয়ংকর কথা! মানুষের সাথে বিদ্বেষ পোষণ করার কারণে আল্লাহর ক্ষমা থেকেও মানুষ বঞ্চিত হতে পারে।
আজ আমাদের সমাজে শান্তির সবচেয়ে বড় প্রয়োজন। আর শান্তি কখনো শক্তি দিয়ে আসে না; শান্তি আসে নরম হৃদয়, ক্ষমা ও ভালোবাসা থেকে। যে মানুষ অন্যকে ক্ষমা করতে পারে, সে-ই প্রকৃত শক্তিশালী।
আল্লাহ তাআলা বলেন, “ভালো ও মন্দ সমান নয়। তুমি মন্দকে উত্তম আচরণ দ্বারা প্রতিহত কর; তখন দেখবে যার সাথে তোমার শত্রুতা ছিল, সে যেন অন্তরঙ্গ বন্ধুর মতো হয়ে গেছে।”- সূরা ফুসসিলাত : ৩৪
এটাই ইসলামের সৌন্দর্য।
ইসলাম ধর্মে প্রতিশোধ নয়, সংশোধনের শিক্ষা দেয়। ঘৃণা নয়, ভালোবাসার আহ্বান জানায়। আমরা নিজেদের হৃদয়কে পরিষ্কার করি। অহংকার ত্যাগ করি। সম্পর্ক ভাঙা নয়, সম্পর্ক জোড়া লাগানোর চেষ্টা করি। কারণ মানুষকে কষ্ট দিয়ে কখনো প্রকৃত সুখ পাওয়া যায় না। হয়তো একটি ক্ষমা, একটি সালাম, একটি আন্তরিক কথা—একটি ভাঙা সম্পর্ককে আবার জীবিত করে তুলতে পারে।
হে রব!
আমাদের অন্তর থেকে হিংসা, বিদ্বেষ ও অহংকার দূর করে দিন।
আমাদেরকে পরস্পরের প্রতি দয়ালু ও ক্ষমাশীল বানিয়ে দিন।
আমাদের সমাজে শান্তি ও ভ্রাতৃত্ব প্রতিষ্ঠা করুন। আমীন।
লেখক: প্রিন্সিপাল, মাদ্রাসা দারুল আমান আল ইসলামিয়া, ঢাকা।
ভিওডি বাংলা/এফএ







