প্রশাসক আবদুস সালাম
পরিচ্ছন্ন কর্মীদের জন্য নতুন আবাসন নির্মাণ করবে ডিএসসিসি

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক ও বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম বলেছেন, পরিচ্ছন্ন কর্মীদের জন্য ঝুঁকিপূর্ণ ভবন ভেঙে আধুনিক বহুতল আবাসন নির্মাণ করা হবে। পাশাপাশি বিকল্প আবাসনের ব্যবস্থা, পানি ও গ্যাস সমস্যার সমাধান, ধর্মীয় উপাসনালয় এবং শিশুদের খেলাধুলার পরিবেশ নিশ্চিত করতে ডিএসসিসি কাজ করছে।
আজ বুধবার (১৩ মে) রাজধানীর দয়াগঞ্জে ডিএসসিসির পরিচ্ছন্নতা কর্মী নিবাস পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন।
ডিএসসিসি প্রশাসক বলেন, বর্তমানে ভবনগুলোর অবস্থা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। তাই নতুন ভবন নির্মাণের আগে বাসিন্দাদের নিরাপদ স্থানে স্থানান্তরের ব্যবস্থা করা হবে। তিনি বলেন, আপনারা যত দ্রুত ভবন খালি করবেন, আমরা তত দ্রুত ভেঙে নতুন ভবনের কাজ শুরু করতে পারব।
তিনি জানান, এ বিষয়ে ইতোমধ্যে মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হয়েছে এবং অনুমোদন পেলেই নির্মাণকাজ শুরু হবে। এছাড়া নরঞ্জলা, দলপুর, গণকটুলি, দয়াগঞ্জ, ওয়ারী ও পোস্তগোলাসহ বিভিন্ন এলাকায় পরিচ্ছন্ন কর্মীদের জন্য ১৮টি বহুতল ভবন নির্মাণের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।
মো. আবদুস সালাম বলেন, পরিচ্ছন্ন কর্মীরা ঢাকা শহরকে বাসযোগ্য রাখছেন। তাই তাদের নাগরিক সুযোগ-সুবিধা নিশ্চিত করা আমাদের দায়িত্ব।
তিনি আরও বলেন, ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই সমান নাগরিক অধিকার ভোগ করবেন। পরিচ্ছন্ন কর্মীদের জন্য আবাসনের পাশাপাশি মন্দির, খেলার মাঠ ও প্রয়োজনীয় নাগরিক সুবিধা নিশ্চিত করা হবে।
নগর পরিচ্ছন্নতা রক্ষায় নাগরিকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়ে ডিএসসিসি প্রশাসক বলেন, ড্রেন ও খালে ময়লা-আবর্জনা ফেলার কারণেই জলাবদ্ধতা তৈরি হয়। শহর পরিচ্ছন্ন রাখতে হলে সবাইকে সচেতন হতে হবে।
আসন্ন কোরবানির ঈদ উপলক্ষে তিনি পরিচ্ছন্ন কর্মীদের উদ্দেশে বলেন, কোরবানির বর্জ্য আট ঘণ্টার মধ্যে অপসারণ করতে হবে। গতবারের মতো এবারও ভালো কাজের স্বীকৃতি হিসেবে পুরস্কারের ব্যবস্থা থাকবে।
এ সময় তিনি পরিচ্ছন্ন কর্মীদের বিদ্যুৎ বিল কিস্তিতে পরিশোধের ব্যবস্থা এবং গ্যাস বিল পরিশোধে সহযোগিতার আশ্বাস দেন।
সমাবেশে ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হামিদুর রহমান হামিদসহ স্থানীয় জনপ্রতিনিধি, ডিএসসিসির কর্মকর্তা-কর্মচারী এবং পরিচ্ছন্ন কর্মীরা উপস্থিত ছিলেন।
ভিওডি বাংলা/খতিব/এমএস







