• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

নাসিরউদ্দিন পিন্টুর মতো নেতাকর্মী বারবার জন্মায় না : আবদুস সালাম

নিজস্ব প্রতিবেদক    ১৩ মে ২০২৬, ০৩:১১ পি.এম.
ছবি : ভিওডি বাংলা

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম বলেছেন, “নাসিরউদ্দিন পিন্টুর মতো নেতাকর্মী বারবার জন্মায় না। লাখো-কোটির মধ্যে একজন জন্ম নেয়। 

তিনি বলেন, বিএনপি যতদিন থাকবে, বাংলাদেশ যতদিন থাকবে, ইনশাআল্লাহ নাসিরউদ্দিন পিন্টুও মানুষের হৃদয়ে বেঁচে থাকবেন। তার স্মৃতি কেউ ভুলবে না।

বুধবার (১২ মে) দুপুরে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে শহীদ নাসিরউদ্দিন আহাম্মেদ পিন্টু স্মৃতি সংসদ ও সম্মিলিত ফোরামের উদ্যোগে আয়োজিত ঢাকা-৭ আসনের সাবেক এমপি ও ছাত্রদলের সাবেক সভাপতি শহীদ নাসির উদ্দিন আহাম্মেদ পিন্টুর ১১তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আবদুস সালাম বলেন, নাসিরউদ্দিন পিন্টু একজন রাজনৈতিক কর্মী থেকে নেতা হয়েছেন। জনগণের ভালোবাসা নিয়ে সংসদে গিয়েছেন এবং জনগণের জন্য জীবন দিয়েছেন। তিনি কখনো কোনো অন্যায়ের কাছে আপোষ করেননি, অন্যায়ের কাছে মাথা নত করেননি। সংগ্রাম ও আন্দোলনের প্রতীক ছিলেন নাসিরউদ্দিন পিন্টু।

তিনি বলেন, “নাসিরউদ্দিন পিন্টুকে ষড়যন্ত্র করে হত্যা করা হয়েছে। সেই হত্যার বিচার অবশ্যই বাংলাদেশের মাটিতে হবে, হতে হবে ইনশাআল্লাহ। নাসিরউদ্দিন পিন্টুর অবদান যদি আমরা ভুলে যাই, তাহলে সেটা হবে বেইমানি।”

আবদুস সালাম আরও বলেন, নাসিরউদ্দিন পিন্টুর এই বয়সে চলে যাওয়ার কথা ছিল না। “অবশ্যই হায়াত-মওতের মালিক আল্লাহ। তারপরও বলব, তার সামনে আরও অনেক ভবিষ্যৎ ছিল। কিন্তু আজ লালবাগ, চকবাজার, হাজারীবাগ ও কামরাঙ্গীরচরের প্রতিটি মানুষ ও নেতাকর্মীর মাঝে তিনি বেঁচে থাকবেন,” বলেন তিনি।

মিষ্টির উদ্দেশে তিনি বলেন, “তুমি তোমার ভাইকে হারিয়েছো। সেই অভাব হয়তো কখনো পূরণ হবে না। কিন্তু আমি বিশ্বাস করি, তোমার আরেক ভাই হামিদুর রহমান হামিদ সেই অভাব অনেকটাই পূরণ করবে।”

তিনি বলেন, হামিদুর রহমান হামিদ এলাকার মানুষের সঙ্গে যেভাবে মিশছেন এবং নেতাকর্মীদের সঙ্গে যেভাবে কাজ করছেন, তাতে নাসিরউদ্দিন পিন্টুর অসমাপ্ত কাজ তার মাধ্যমেই এগিয়ে নেওয়া সম্ভব।

এ সময় আবদুস সালাম বলেন, শুধু লালবাগ, চকবাজার কিংবা কামরাঙ্গীরচর নয়, সারা বাংলাদেশের জাতীয়তাবাদী শক্তির মানুষ নাসিরউদ্দিন পিন্টুকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তাঁর জীবনী থেকে বর্তমান বিএনপির নেতাকর্মীদের শিক্ষা নেওয়া উচিত বলেও মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, “জেলে থেকেও তিনি দল ও দেশের কথা ভেবেছেন। তার মৃত্যুর বিষয়টি নিয়ে আজও অনেক প্রশ্ন রয়েছে। তদন্ত করলে অনেক কিছু বের হয়ে আসবে। কেন তাঁকে এভাবে জীবন দিতে হলো, জেলের ভেতরে কী ঘটেছিল—সবকিছুর তদন্ত হওয়া উচিত।”

আবদুস সালাম আরও বলেন, “আমাদের নেতাকর্মীদের হত্যার বিচার হলে অন্তত মনে শান্তি আসবে। প্রয়োজনে এ জন্য আন্দোলনও হবে।”

সরকারের বিভিন্ন কার্যক্রম ও নগর ব্যবস্থাপনা নিয়ে বক্তব্য দিতে গিয়ে ডিএসসিসি প্রশাসক বলেন, “দুই মাস হলো সরকার ক্ষমতায় এসেছে। এখনই অনেকে বিএনপিকে ভয় দেখাচ্ছেন। কিন্তু বিএনপি জনগণের ভোটে নির্বাচিত হয়ে ক্ষমতায় এসেছে। জনগণ বিএনপির সঙ্গে আছে।”

ডেঙ্গু ও নগর পরিচ্ছন্নতা প্রসঙ্গে তিনি বলেন, জনগণ সচেতন না হলে শুধু সিটি করপোরেশনের পক্ষে শহর পরিষ্কার রাখা সম্ভব নয়। ড্রেন, খাল ও বিভিন্ন স্থানে আবর্জনা ফেলার কারণে জলাবদ্ধতা ও মশার প্রজনন বাড়ছে বলে উল্লেখ করেন তিনি।

আবদুস সালাম আরও বলেন, নাগরিকদের সহযোগিতা পেলে আগামী দিনে ঢাকা শহরকে আরও সুন্দর ও বাসযোগ্য নগরীতে রূপান্তর করা সম্ভব হবে। পাশাপাশি বিএনপির নেতাকর্মীদের নাসিরউদ্দিন পিন্টুর জীবন থেকে শিক্ষা নেওয়ার আহ্বান জানান তিনি।

ভিওডি বাংলা/এসআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ঢাকার যেসব এলাকায় ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না
ঢাকার যেসব এলাকায় ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না
ভাড়া বাসা থেকে ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ভাড়া বাসা থেকে ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
সায়েদাবাদ বাস টার্মিনাল আরো আধুনিকায়ন হচ্ছে
ডিএসসিসির উদ্যোগ সায়েদাবাদ বাস টার্মিনাল আরো আধুনিকায়ন হচ্ছে