• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

নিকুঞ্জে সাবেক ছাত্রলীগ নেতা রিয়াদ গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক    ১৩ মে ২০২৬, ১১:০৯ এ.এম.
সাবেক ছাত্রলীগ নেতা নাজমুল হাসান রিয়াদ। ছবি : সংগৃহীত

রাজধানীর নিকুঞ্জ এলাকায় সাংবাদিক নির্যাতনের ঘটনায় বহুল আলোচিত মামলার অন্যতম প্রধান আসামি, নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সাবেক নেতা নাজমুল হাসান রিয়াদকে গ্রেপ্তার করেছে খিলক্ষেত থানা পুলিশ। একই অভিযানে তার ঘনিষ্ঠ সহযোগী নবীন হোসেন আকাশকেও আরেকটি পৃথক মামলায় আটক করা হয়েছে। 

বুধবার (১৩ মে) পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে আত্মগোপনে থাকা এই দুই আসামিকে গোপন সংবাদের ভিত্তিতে নিকুঞ্জ-২ এলাকার একটি সড়ক থেকে আটক করা হয়।

ঘটনার সূত্রপাত ২০২০ সালের ১ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনের দিন। সেদিন পেশাগত দায়িত্ব পালন করছিলেন সাংবাদিক জিসাদ ইকবাল। রাজধানীর নিকুঞ্জ এলাকায় সংবাদ সংগ্রহের সময় তার ওপর হামলার অভিযোগ ওঠে নাজমুল হাসান রিয়াদসহ একটি গ্রুপের বিরুদ্ধে।

অভিযোগ অনুযায়ী, হামলার ঘটনায় রিয়াদের সঙ্গে তৎকালীন খিলক্ষেত থানা ছাত্রলীগের সভাপতি শাকিল আহমেদ, রাব্বিসহ আরও কয়েকজন অংশ নেন। হামলার ফলে সাংবাদিক জিসাদ ইকবাল গুরুতর আহত হন বলে জানা যায়।

খিলক্ষেত থানা পুলিশের তথ্যমতে, সোমবার (১১ মে) রাত আনুমানিক ১১টার দিকে নিকুঞ্জ-২ এলাকার ১২ নম্বর রোডে অভিযান চালিয়ে রিয়াদকে আটক করা হয়। একই সময় তার সহযোগী নবীন হোসেন আকাশকেও আলাদা একটি মামলায় গ্রেপ্তার করা হয়।

পুলিশের দাবি, দুইজনই দীর্ঘদিন ধরে আইন-শৃঙ্খলা বাহিনীর নজর এড়িয়ে পালিয়ে ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, গ্রেপ্তার হওয়া নাজমুল হাসান রিয়াদ খিলক্ষেত টানপাড়া এলাকার আবুল হোসেন মাতাব্বরের ছেলে। তিনি একসময় ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সহ-সভাপতির দায়িত্বে ছিলেন।

এছাড়াও তিনি সাবেক গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদের ব্যক্তিগত সহকারী (পিএস) হিসেবেও পরিচিত ছিলেন বলে স্থানীয়রা জানান। রাজনৈতিক পরিচয় ও প্রভাব ব্যবহার করে তিনি নিকুঞ্জ, খিলক্ষেত ও টানপাড়া এলাকায় দীর্ঘদিন প্রভাব বিস্তার করতেন বলে অভিযোগ রয়েছে।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, আওয়ামী লীগ সরকারের সময় নিকুঞ্জ এলাকায় একটি প্রভাবশালী সিন্ডিকেট গড়ে ওঠে, যার নেতৃত্বে ছিলেন রিয়াদ। ওই সিন্ডিকেটের বিরুদ্ধে চাঁদাবাজি, দখলবাণিজ্য, প্রভাব খাটানো এবং ভয়ভীতি প্রদর্শনের একাধিক অভিযোগ রয়েছে।

বিশেষ করে নিকুঞ্জের ১৫ নম্বর রোডের একটি রাজনৈতিক কার্যালয়কে কেন্দ্র করে নানা অনিয়ম ও নির্যাতনের অভিযোগ দীর্ঘদিন ধরে আলোচনায় ছিল। গ্রেপ্তারের খবরে এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরে এসেছে বলে দাবি স্থানীয়দের। কেউ কেউ আনন্দে মিষ্টি বিতরণ করেছেন বলেও জানা গেছে।

খিলক্ষেত থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহরাব আল হোসাইন জানান, রিয়াদ ও তার সহযোগীর বিরুদ্ধে একাধিক পৃথক মামলা রয়েছে। দীর্ঘদিন পলাতক থাকার পর গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়েছে।

তিনি আরও জানান, আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

সাংবাদিক জিসাদ ইকবালের ওপর হামলার ঘটনাটি সেই সময় দেশজুড়ে ব্যাপক আলোচনার জন্ম দেয়। বিভিন্ন সাংবাদিক সংগঠন এবং মানবাধিকার সংগঠন ঘটনার নিন্দা জানিয়ে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তোলে।

ঘটনার পর আন্তর্জাতিক অঙ্গন থেকেও প্রতিক্রিয়া আসে। ফ্রান্স ও যুক্তরাষ্ট্রভিত্তিক কিছু আন্তর্জাতিক সাংবাদিক সংগঠন পৃথক বিবৃতিতে হামলার নিন্দা জানায় বলে জানা যায়।

ভুক্তভোগী সাংবাদিক পরে মামলা করতে গেলে প্রথমে খিলক্ষেত থানা পুলিশ মামলা গ্রহণ করেনি বলে অভিযোগ ওঠে। পরবর্তীতে সাংবাদিক নেতাদের চাপের মুখে একটি সাধারণ ডায়েরি (জিডি) গ্রহণ করা হয়।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ঈদকে সামনে রেখে ডাকাতির পরিকল্পনা ছিল চক্রটির : ডিবি
ঈদকে সামনে রেখে ডাকাতির পরিকল্পনা ছিল চক্রটির : ডিবি
বিশ্বে বায়ু দূষণে শীর্ষে ঢাকা
বিশ্বে বায়ু দূষণে শীর্ষে ঢাকা
গাড়িতে বিআরটিএ নির্ধারিত নিবন্ধন নম্বর প্লেট না পেলে কঠোর ব্যবস্থা
ডিএমপির গণবিজ্ঞপ্তি গাড়িতে বিআরটিএ নির্ধারিত নিবন্ধন নম্বর প্লেট না পেলে কঠোর ব্যবস্থা