• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

মুখ্যমন্ত্রী শুভেন্দুর প্রশংসায় পঞ্চমুখ জি এম কাদের

ভিওডি বাংলা ডেস্ক    ১২ মে ২০২৬, ০৫:২০ পি.এম.
ছবি: সংগৃহীত

পশ্চিমবঙ্গের নতুন রাজনৈতিক নেতৃত্বের মাধ্যমে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের সম্পর্ক আরও বিস্তৃত হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জি এম কাদের। তার মতে, বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্ব দুই বাংলার বাণিজ্য, সংস্কৃতি ও পারস্পরিক সহযোগিতায় নতুন দিগন্ত তৈরি করবে।

ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করায় শুভেন্দু অধিকারীকে অভিনন্দন জানিয়ে সোমবার (১১ মে) ঢাকার ভারতীয় হাইকমিশনের মাধ্যমে শুভেচ্ছা বার্তা পাঠান জি এম কাদের। মঙ্গলবার (১২ মে) জাপা চেয়ারম্যানের প্রেস সেক্রেটারি শৌর্য দীপ্ত সূর্য স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

শুভেচ্ছা বার্তায় জি এম কাদের বলেন, ‘শুভেন্দু অধিকারীর ঐতিহাসিক নির্বাচনী বিজয় ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে তার দায়িত্ব গ্রহণ একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। এ সাফল্য শুধু বিজেপির জন্য নয়, পশ্চিমবঙ্গের গণতান্ত্রিক অভিযাত্রার জন্যও তাৎপর্যপূর্ণ।’

তিনি আরও বলেন, রাজনৈতিক সংগ্রামের মধ্য দিয়ে শুভেন্দু সাধারণ মানুষের আস্থা অর্জন করেছেন। জাপা চেয়ারম্যানের ভাষায়, ‘শুভেন্দু অধিকারী এমন একটি রাজনৈতিক ও জনসেবামূলক ঐতিহ্যের ধারক, যা খুব কম রাজনৈতিক নেতার ক্ষেত্রে দেখা যায়।’

জি এম কাদের উল্লেখ করেন, শুভেন্দুর বাবা শিশির কুমার অধিকারী ভারতের কেন্দ্রীয় মন্ত্রী ও দীর্ঘদিনের সংসদ সদস্য হিসেবে পূর্ব মেদিনীপুরের মানুষের জন্য কাজ করেছেন। কাঁথি পৌরসভা থেকে জাতীয় সংসদ পর্যন্ত বিস্তৃত পারিবারিক জনসেবার সেই ধারা শুভেন্দু অধিকারীর রাজনৈতিক নেতৃত্ব গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বলেও মন্তব্য করেন তিনি।

নন্দীগ্রাম আন্দোলন থেকে শুরু করে বিধানসভা ও জাতীয় সংসদে দায়িত্ব পালনের অভিজ্ঞতার কথাও তুলে ধরেন জাপা চেয়ারম্যান। তিনি বলেন, ‘নন্দীগ্রাম আন্দোলন থেকে শুরু করে বিধানসভায় ধারাবাহিক দায়িত্ব পালন এবং সংসদ সদস্য হিসেবে দীর্ঘ রাজনৈতিক পথচলায় শুভেন্দু অধিকারী একদিকে যেমন দৃঢ়তার পরিচয় দিয়েছেন, তেমনি তৃণমূল পর্যায়ের মানুষের সঙ্গে গভীর সম্পর্ক গড়ে তুলেছেন।’

বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের দীর্ঘ সীমান্ত এবং ঐতিহাসিক সম্পর্কের প্রসঙ্গ টেনে জি এম কাদের বলেন, ‘দুই বাংলার মানুষের মধ্যে শতাব্দীব্যাপী সাংস্কৃতিক, ভাষাগত ও মানবিক সম্পর্ক বিদ্যমান। শুভেন্দু অধিকারীর নেতৃত্বে পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যে বাণিজ্য, সংস্কৃতি ও পারস্পরিক সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচিত হবে।’

তিনি জানান, জাতীয় পার্টি সবসময় সীমান্তের দুই পাশের মানুষের কল্যাণে বিশ্বাস করে। তার আশা, শুভেন্দু অধিকারীর নেতৃত্ব দুই বাংলার মানুষের মধ্যে সহযোগিতা ও সৌহার্দ্যের সম্পর্ক আরও শক্তিশালী করবে।

শুভেচ্ছা বার্তার শেষাংশে শুভেন্দু অধিকারীর নতুন দায়িত্ব পালনে সর্বাঙ্গীণ সাফল্য কামনা করেন জি এম কাদের। পাশাপাশি ভবিষ্যতে দুই বাংলার মানুষের মধ্যে সম্পর্ক ও পারস্পরিক সহযোগিতা আরও বৃদ্ধি পাবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

ভিওডি বাংলা/এমএস 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
১০০ উপজেলা ও পৌরসভায় প্রার্থী ঘোষণা করেছে এনসিপি
১০০ উপজেলা ও পৌরসভায় প্রার্থী ঘোষণা করেছে এনসিপি
জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মানুষের সর্বশেষ আশ্রয়স্থল মা : মির্জা ফখরুল
জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মানুষের সর্বশেষ আশ্রয়স্থল মা : মির্জা ফখরুল
বারবার সীমান্তে কেন গুলি করা হবে? প্রশ্ন রিজভীর
বারবার সীমান্তে কেন গুলি করা হবে? প্রশ্ন রিজভীর