ইরান কখনো শত্রুর সামনে মাথা নত করবে না: পেজেশকিয়ান

যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য আলোচনাকে আত্মসমর্পণ বা দুর্বলতা হিসেবে দেখার সুযোগ নেই বলে মন্তব্য করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান। তিনি বলেছেন, এ ধরনের সংলাপের লক্ষ্য হলো জাতীয় অধিকার আদায় এবং দেশের স্বার্থ রক্ষা করা।
রোববার (১০ মে) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে এ মন্তব্য করেন ইরানের প্রেসিডেন্ট। খবর দিয়েছে সিএনবিসি।
পোস্টে পেজেশকিয়ান বলেন, “ইরান কখনো তার বৈধ অধিকার থেকে সরে আসবে না। আমরা কখনো শত্রুর সামনে মাথা নত করব না।”
তিনি আরও বলেন, আলোচনা বা সংলাপকে আত্মসমর্পণ কিংবা পিছু হটার প্রতীক হিসেবে দেখার কোনো সুযোগ নেই। বরং এর মূল উদ্দেশ্য হচ্ছে ইরানি জনগণের অধিকার নিশ্চিত করা এবং দৃঢ়ভাবে জাতীয় স্বার্থ রক্ষা করা।
এর কিছুক্ষণ আগে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানায়, দেশটির বিরুদ্ধে চলমান আগ্রাসন বন্ধে যুক্তরাষ্ট্রের দেওয়া সর্বশেষ প্রস্তাবের আনুষ্ঠানিক জবাব পাঠিয়েছে তেহরান।
রাষ্ট্রীয় বার্তা সংস্থার খবরে বলা হয়, বর্তমান পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের সঙ্গে যেকোনো আলোচনা শুধুমাত্র যুদ্ধ বন্ধের বিষয়কে কেন্দ্র করেই হতে হবে বলে স্পষ্ট জানিয়েছে ইরান। পারমাণবিক কর্মসূচিসহ অন্যান্য ইস্যু পরবর্তী সময়ে আলোচনায় আনা যেতে পারে বলেও উল্লেখ করা হয়।
অন্যদিকে ওয়াশিংটনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেন, যুক্তরাষ্ট্রের মূল দাবিগুলো পূরণে ব্যর্থ হয়েছে ইরান। বিশেষ করে তেহরানের পারমাণবিক কর্মসূচি এবং উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত নিয়ে ওয়াশিংটনের উদ্বেগের সন্তোষজনক সমাধান তারা দিতে পারেনি বলে অভিযোগ করেন তিনি।
ট্রাম্প আরও বলেন, ইরান প্রায় পাঁচ দশক ধরে আন্তর্জাতিক সম্প্রদায় ও যুক্তরাষ্ট্রের সঙ্গে সময়ক্ষেপণের কৌশল অনুসরণ করে আসছে।
ভিওডি বাংলা/এমএস







