ভারতের নতুন সেনাপ্রধান রাজা সুব্রামানি

ভারতের নতুন সেনাপ্রধান হিসেবে নিয়োগ পেয়েছেন লেফটেন্যান্ট জেনারেল এন এস রাজা সুব্রামানি। দেশটির কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, বর্তমান সেনাপ্রধান জেনারেল অনিল চৌহানের মেয়াদ শেষ হওয়ার পরই তিনি দায়িত্ব গ্রহণ করবেন।
শুক্রবার (৯ মে) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে এনডিটিভি।
সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, জেনারেল অনিল চৌহান আগামী ৩০ মে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব থেকে অবসর নেবেন। তার স্থলাভিষিক্ত হচ্ছেন দীর্ঘ সামরিক অভিজ্ঞতাসম্পন্ন লেফটেন্যান্ট জেনারেল সুব্রামানি। বর্তমানে তিনি ভারতের জাতীয় নিরাপত্তা পরিষদ সচিবালয়ে সামরিক উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন।
এর আগে তিনি ভারতীয় সেনাবাহিনীর গুরুত্বপূর্ণ বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন। ২০২৪ সালের জুলাই থেকে ২০২৫ সালের জুলাই পর্যন্ত তিনি উপ-সেনাপ্রধান হিসেবে দায়িত্বে ছিলেন। তারও আগে ২০২৩ সালের মার্চ থেকে ২০২৪ সালের জুন পর্যন্ত তিনি সেনাবাহিনীর জিওসি-ইন-সি পদে কাজ করেন, যেখানে তিনি একাধিক গুরুত্বপূর্ণ কমান্ড পরিচালনা করেন।
লেফটেন্যান্ট জেনারেল এন এস রাজা সুব্রামানির সামরিক জীবনের সূচনা হয় ১৯৮৫ সালের ডিসেম্বরে। সে সময় তিনি ভারতীয় সেনাবাহিনীর বিখ্যাত পদাতিক রেজিমেন্ট গারওয়াল রাইফেলসে কমিশনপ্রাপ্ত অফিসার হিসেবে যোগ দেন। দীর্ঘ চার দশকেরও বেশি সময় ধরে তিনি সেনাবাহিনীতে সক্রিয়ভাবে দায়িত্ব পালন করে আসছেন।
তার কর্মজীবনে ভারতের বিভিন্ন সংবেদনশীল ও সংঘাতপূর্ণ অঞ্চলে দায়িত্ব পালনের অভিজ্ঞতা রয়েছে। পাশাপাশি তিনি একাধিক কমান্ড ইউনিটের নেতৃত্ব দিয়েছেন এবং স্টাফ ও প্রশিক্ষণ পর্যায়ের গুরুত্বপূর্ণ দায়িত্বেও ছিলেন। তার এই দীর্ঘ অভিজ্ঞতা তাকে সেনাবাহিনীর অন্যতম শীর্ষ কর্মকর্তায় পরিণত করেছে।
শিক্ষাগত দিক থেকেও তিনি অত্যন্ত দক্ষ ও প্রশিক্ষিত একজন সামরিক কর্মকর্তা। তিনি ভারতের ন্যাশনাল ডিফেন্স অ্যাকাডেমি এবং ইন্ডিয়ান মিলিটারি অ্যাকাডেমি থেকে প্রাথমিক সামরিক শিক্ষা সম্পন্ন করেন। পরবর্তীতে যুক্তরাজ্যের কিংস কলেজ লন্ডন থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। এছাড়া তিনি যুক্তরাজ্যের বার্কনেলে অবস্থিত জয়েন্ট সার্ভিসেস অ্যান্ড স্টাফ কলেজ এবং ভারতের ন্যাশনাল ডিফেন্স কলেজেও উচ্চতর প্রশিক্ষণ গ্রহণ করেছেন।
তার দীর্ঘ কর্মজীবনে তিনি বিভিন্ন গুরুত্বপূর্ণ সম্মাননা ও পদক অর্জন করেছেন। এর মধ্যে রয়েছে বিশিষ্ট সেবা পদক, সেনা পদক, অতি বিশিষ্ট সেবা পদক এবং পরম বিশিষ্ট সেবা পদক-যা তার পেশাদার দক্ষতা ও অবদানের স্বীকৃতি হিসেবে বিবেচিত।
ভিওডি বাংলা/জা







