• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

দেশব্যাপী রবীন্দ্র জন্মজয়ন্তী উদযাপন শুরু

নিজস্ব প্রতিবেদক    ৮ মে ২০২৬, ১০:২৫ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে দেশের ৬৪টি জেলা শিল্পকলা একাডেমিতে শুরু হয়েছে ৪ দিনব্যাপী ‘শান্তি ও মানবতার কবি রবীন্দ্রনাথ’ উদযাপন।

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় শুক্রবার (৮ মে) বিকেল সাড়ে ৫টায় জাতীয় নাট্যশালা মিলনায়তনে এ আয়োজন উদ্বোধন করেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন।

অনুষ্ঠানে কবিগুরু রবীন্দ্রনাথকে স্মরণ করে তথ্য ও সম্প্রচারমন্ত্রী বলেন, “কবি, লেখক, ঔপন্যাসিক, সাহিত্যিক-এর বাইরেও একজন সমাজ সচেতন রবীন্দ্রনাথকে আমি স্মরণ করছি। চলমান রাজনীতির উত্তাল তরঙ্গের মাঝেও গভীর পর্যবেক্ষণ রাখার ক্ষমতা ছিলো রবীন্দ্রনাথ ঠাকুরের। সমাজতন্ত্র আবিষ্কার হওয়ার পর উতাল-পাতাল পৃথিবীর ভবিষ্যৎ সম্ভাবনার মধ্যে যে সংকট লুকিয়ে ছিল, তা তিনি পর্যবেক্ষণ করেছিলেন।”

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহিলা ও শিশু  এবং সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমিন পুতুল ও বিশ্বসাহিত্য কেন্দ্রের সভাপতি অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ।

অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ বলেন, “রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের বিস্ময় ও গৌরব। মানবতার জয়যাত্রার প্রতি তিনি ছিলেন অকুণ্ঠ এবং মানব জাতিকে উন্নীত করার ব্যাপারে তাঁর প্রচেষ্টার শেষ ছিল না। শিল্পে-সাহিত্যে-ধর্মে-শিক্ষায়-অর্থনীতিতে-রাজনীতিতে প্রত্যেক জায়গার তাঁর প্রতিভার স্বাক্ষর ছিলো।”

বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক এবং কবি শেখ রেজাউদ্দিন আহমেদ (রেজাউদ্দিন স্টালিন) বলেন, “রবীন্দ্রনাথকে এড়িয়ে যাবার ক্ষমতা কোনো শিক্ষিত বাঙালির নেই। শিল্প সাহিত্যের ক্ষেত্রে অনুভূতির এমন কোনো জায়গা নেই যেখানে রবীন্দ্রনাথ স্পর্শ করেননি। পাকিস্তানি আমলে রবীন্দ্রনাথের গান বন্ধ করার জন্য নানা তৎপরতা দেখা গেছে, এক শ্রেণির মানুষ এখনো সুযোগ পেলেই রবীন্দ্রনাথের বিরুদ্ধে কথা বলে। এতেই বোঝা যায় রবীন্দ্রনাথ এখনো কতটা জীবিত আছেন।”

আলোচনা পর্ব শেষে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর রচিত ‘হে নূতন, দেখা দিক আরবার’ গানটি সমবেত কণ্ঠে  পরিবেশন করেন শিল্পকলা একাডেমির কণ্ঠশিল্পীসহ অন্যান্য শিল্পীবৃন্দ। এরপর আবু নাঈম-এর পরিচালনায় ‘ভেঙেছ দুয়ার, এসেছো জ্যোতির্ময়’ গানের সাথে নৃত্য পরিবেশিত হয়।  একক সংগীত ‘আমি তোমায় যত শুনিয়েছিলেম গান’ পরিবেশন করেন শিল্পী অনিরুদ্ধ সেনগুপ্ত এবং ‘আমি চিনি গো চিনি তোমারে’ পরিবেশন করেন শিল্পী জীবন চৌধুরী। ‘ওগো সাঁওতালি ছেলে, গ্রাম ছাড়া ঐ রাঙ্গামাটির পথ’ গানের সঙ্গে অন্তর দেওয়ান-এর পরিচালনায় সমবেত নৃত্য পরিবেশিত হয়। রবীন্দ্রনাথ ঠাকুরের ‘নির্ঝরের স্বপ্নভঙ্গ’ কবিতাটি আবৃত্তি করেন ফারজানা তৃণা। এরপর বাংলাদেশ শিল্পকলা একাডেমির কণ্ঠশিল্পীসহ অন্যান্য শিল্পীবৃন্দের কণ্ঠে পরিবেশিত ‘আকাশ ভরা সূর্য তারা’ গানের সঙ্গে সমবেত নৃত্য পরিবেশন করেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির নৃত্য শিল্পীবৃন্দ, নৃত্য পরিচালনায় ছিলেন এস এম রাইহানুল আলম। একক সংগীত ‘আজি ঝরো ঝরো মুখর বাদল দিনে’ পরিবেশন করেন শিল্পী সায়েদা হোসাইন পাপড়ি।

আনিসুল ইসলাম হিরু’র পরিচালনায় সমবেত নৃত্য ‘আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে’ পরিবেশিত হয়। রবীন্দ্রসংগীত ‘আজি বাংলাদেশের হৃদয় হতে’ পরিবেশন করেন শিল্পী ছায়া কর্মকার এবং ‘মাঝে মাঝে তব দেখা পাই’ পরিবেশন করেন শিল্পী নুসরাত বিনতে নূর। ‘আমার এই পথ-চাওয়াতেই আনন্দ’ গানটি পরিবেশন করেন শিল্পী সুমা রাণী রায় এবং ‘কতবার ভেবেছিনু আপনা ভুলিয়া’ গানটি পরিবেশন করেন শিল্পী তানজিলা তমা। এরপর বাংলাদেশ শিল্পকলা একাডেমির কণ্ঠশিল্পীসহ অন্যান্য শিল্পীবৃন্দ। পরিবেশন করেন রবীন্দ্রসংগীত ‘আজি দখিন দুয়ার খোলা’। সবশেষে বাংলাদেশ শিল্পকলা একাডেমির কণ্ঠশিল্পীসহ অন্যান্য শিল্পীবৃন্দের কণ্ঠে পরিবেশিত ‘ঐ মহামানব আসে’ গানের সঙ্গে ইমন আহমেদ-এর পরিচালনায় সমবেত নৃত্য পরিবেশন করেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির নৃত্য শিল্পীবৃন্দ।

শনিবার (৯ মে) বিকেল সাড়ে ৫টায় জাতীয় নাট্যশালা মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম। সভাপতিত্ব করবেন সংস্কৃতি বিষয়ক সচিব কানিজ মওলা। এতে স্বাগত বক্তব্য প্রদান করবেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক এবং কবি শেখ রেজাউদ্দিন আহমেদ (রেজাউদ্দিন স্টালিন) এবং ধন্যবাদ জ্ঞাপন করবেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির সচিব মোহাম্মদ জাকির হোসেন। সাংস্কৃতিক অনুষ্ঠানে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর রচিত সংগীত, গানের সাথে নৃত্য ও আবৃত্তি পরিবেশিত হবে।

এছাড়া দেশের সকল জেলা শিল্পকলা একাডেমিতে কবিগুরুর স্মরণে আলোচনা ও তাঁর সৃষ্টিকর্ম নিয়ে নানান অনুষ্ঠানমালা পরিবেশিত হয়েছে।

ভিওডি বাংলা/এফএ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পুলিশের বিশৃঙ্খল অবস্থা অনেকটাই নিয়ন্ত্রণে: আইজিপি
পুলিশের বিশৃঙ্খল অবস্থা অনেকটাই নিয়ন্ত্রণে: আইজিপি
শনিবার লন্ডন যাচ্ছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন
শনিবার লন্ডন যাচ্ছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন
তারেক রহমানের সরকার কৃষিবান্ধব: ধর্মমন্ত্রী
তারেক রহমানের সরকার কৃষিবান্ধব: ধর্মমন্ত্রী