১১২ বিধায়কে হবে না ‘১১৮ নিয়ে আসুন’: বিজয়কে রাজ্যপাল

ভারতের তামিলনাড়ু রাজনীতিতে সরকার গঠন ঘিরে এখন চলছে ‘সংখ্যার লড়াই’। নতুন সরকার গঠনের দাবি জানাতে ১১২ জন বিধায়কের সমর্থনের চিঠি নিয়ে রাজভবনে যান থালাপতি বিজয়। তবে রাজ্যপাল রাজেন্দ্র আরলেকার স্পষ্ট জানিয়ে দিয়েছেন, এই সংখ্যা যথেষ্ট নয়।
২৩৪ সদস্যের বিধানসভায় সরকার গঠনের জন্য প্রয়োজন অন্তত ১১৮ জন বিধায়কের সমর্থন। ফলে বিজয়কে আরও সমর্থন জোগাড় করতে বলা হয়েছে।
নির্বাচনে চমক দেখিয়ে বিজয়ের দল ১০৮টি আসনে জয় পেয়েছে। তবে একক সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজনীয় আসন থেকে এখনও ১০টি আসন পিছিয়ে রয়েছে তারা। এ কারণে সরকার গঠনে এখন অন্য দলগুলোর সমর্থনের ওপর নির্ভর করতে হচ্ছে তাকে।
সূত্রের বরাতে জানা গেছে, ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস-এর ৫ জন বিধায়ক বিজয়কে সমর্থন দিতে পারেন বলে রাজ্যপালকে জানিয়েছেন তিনি। তবে এই সমর্থন নিশ্চিত করতে আরও সময় চেয়েছেন বিজয়।
এদিকে দ্রাবিড়া মুন্নেত্র কাঝাগম নেতৃত্বাধীন জোটের শরিক দলগুলোর অবস্থান এখনও স্পষ্ট নয়। ডিএমকের মিত্র বিদুথালাই চিরুথাইগল কাচ্চি বৃহস্পতিবার সকাল ১০টায় বৈঠক ডেকেছে। ওই বৈঠকের পর তারা বিজয়কে সমর্থনের বিষয়ে সিদ্ধান্ত জানাবে।
অন্যদিকে বাম দলগুলো তাদের অবস্থান জানাতে শুক্রবার (৮ মে) পর্যন্ত সময় নিয়েছে। ভিসিকে ও বাম দল উভয়েই বর্তমানে ডিএমকে নেতৃত্বাধীন সেক্যুলার প্রগ্রেসিভ অ্যালায়েন্সের অংশ।
ভিওডি বাংলা/আ







