কেরাণীগঞ্জে ট্রাকে ৬৯ বোতল ফেনসিডিলসহ যুবক গ্রেপ্তার

ঢাকার দক্ষিণ কেরাণীগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে প্রায় তিন লাখ টাকা মূল্যের ফেনসিডিলসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাব-১০। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি ট্রাকও জব্দ করা হয়।
বুধবার (৬ মে ) দিবাগত রাত ২টা ৩০ মিনিটে র্যাব জানায়, মাদকবিরোধী চলমান অভিযানের অংশ হিসেবে আনুমানিক এ অভিযান পরিচালনা করা হয়। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব-১০, সিপিসি-১, যাত্রাবাড়ীর একটি আভিযানিক দল দক্ষিণ কেরাণীগঞ্জ থানাধীন ধলেশ্বরী টোলপ্লাজার কাছে একটি চেকপোস্ট স্থাপন করে। পরে সন্দেহভাজন একটি ট্রাক থামিয়ে তল্লাশি চালানো হলে সেখান থেকে ৬৯ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত ফেনসিডিলের আনুমানিক বাজারমূল্য ২ লাখ ৭৬ হাজার টাকা বলে জানিয়েছে র্যাব। এ ঘটনায় শাহেদ শাহরিয়ার সজীব (২৩) নামে এক যুবককে আটক করা হয়। তার বাড়ি সাতক্ষীরা জেলার কলারোয়া থানার গোপিনাথপুর এলাকায়। আটককালে মাদক পরিবহনে ব্যবহৃত ট্রাকটিও জব্দ করা হয়েছে।

র্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, গ্রেপ্তারকৃত ব্যক্তি দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত। তিনি দেশের সীমান্তবর্তী এলাকা থেকে অবৈধভাবে ফেনসিডিলসহ বিভিন্ন ধরনের মাদক সংগ্রহ করে ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে সরবরাহ করতেন। ট্রাক ব্যবহার করে এসব মাদক গোপনে পরিবহন করা হতো বলেও তথ্য পেয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
অভিযান সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, মাদক চক্রের বিরুদ্ধে ধারাবাহিকভাবে অভিযান চালানো হচ্ছে এবং এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে। তারা বলেন, মাদক পাচার রোধে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে এবং সন্দেহভাজন যানবাহনের ওপর বিশেষ তল্লাশি জোরদার করা হয়েছে।

গ্রেপ্তারকৃত ব্যক্তি ও উদ্ধারকৃত মাদকদ্রব্য দক্ষিণ কেরাণীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানা গেছে।
র্যাব জানিয়েছে, সমাজে মাদকের বিস্তার রোধে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করা হচ্ছে। তরুণ সমাজকে মাদকের ভয়াল ছোবল থেকে রক্ষা করতে সংস্থাটি নিয়মিত অভিযান পরিচালনা করে যাচ্ছে। একই সঙ্গে মাদক, অস্ত্র, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর অবস্থান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে বাহিনীটি।
ভিওডি বাংলা/জা







