রাজবাড়ীতে খাল পুনঃখনন কার্যক্রম শুরু

রাজবাড়ীর পাংশায় অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচি (ইজিপিপি) প্রকল্পের আওতায় প্রায় ৩ কোটি ৩৪ লাখ টাকা ব্যয়ে ১৩ কিলোমিটার খাল পুনঃখনন কার্যক্রম শুরু হয়েছে।
রোববার (৩ মে) ঐ উপজেলার যশাই ইউনিয়নের জলিলপাড়া নারু কুণ্ডুর ঘাট এলাকায় এ কার্যক্রম উদ্বোধন করেন রাজবাড়ী জেলা পরিষদের প্রশাসক মো. আব্দুস সালাম মিয়া।
এ সময় তিনি জানান, খাল পুনঃখননের ফলে পানি নিষ্কাশন ব্যবস্থা উন্নত হবে। পাশাপাশি মাছ চাষের মাধ্যমে আমিষের চাহিদা পূরণ এবং কৃষি উৎপাদন বৃদ্ধিতে ইতিবাচক প্রভাব পড়বে।
পাংশা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রিফাতুল হকের সভাপতিত্বে ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আসলাম হোসেনের তত্ত্বাবধানে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন পাংশা মডেল থানার ওসি শেখ মঈনুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা মুহাম্মদ তোফাজ্জল হোসেন, উপজেলা বিএনপির সভাপতি চাঁদ আলী খান, সাধারণ সম্পাদক শাহ্ মো. রফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক শামসুল আলম আকুল, কোষাধ্যক্ষ মো. রুহুল আমিন মুকুল এবং পাংশা-কালুখালী শিক্ষক সমিতির সভাপতি মো. শামসুল আলম (সোহরাব), খাল পুনঃখনন প্রকল্পের পিআইসি ও যশাই ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. আবু খান প্রমুখ।
উপজেলা প্রশাসন জানিয়েছে, উপজেলার যশাই ইউনিয়নের ঢেঁকিপাড়া খাল ৯ কিলোমিটার ও পাট্টা ইউনিয়নের আঁধারকোটা খালের ৪ কিলোমিটার পুনঃখনন করা হবে। এ কর্মসূচির প্রাক্কলিত ব্যয় প্রায় ৩ কোটি ৩৪ লাখ টাকা। এতে যশাই ইউনিয়নে ৫৩৫ জন ও পাট্টা ইউনিয়নে ২৩৬ জন শ্রমিক অংশগ্রহণ করছেন। ৪০ দিনের মধ্যে প্রকল্পের কাজ সম্পন্ন করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
ভিওডি বাংলা/এস. কে. পাল সমীর/এফএ







