• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

হয়রানি না করার নিশ্চয়তা পেলে দেশে ফিরবো: সাকিব আল হাসান

স্পোর্টস ডেস্ক    ৩ মে ২০২৬, ০১:৪৮ পি.এম.
সাকিব আল হাসান: ছবি-ভিওডি বাংলা

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সাকিব আল হাসান জানিয়েছেন, হয়রানি না করার নিশ্চয়তা পেলে খুব শিগগিরই দেশে ফিরবেন। যুক্তরাষ্ট্রে অবস্থানরত এই বিশ্বসেরা অলরাউন্ডার বলেন, আইনি প্রক্রিয়া মেনে দেশে এসে নিজের বিরুদ্ধে থাকা মামলাগুলোর মোকাবিলা করতে তিনি প্রস্তুত।

আওয়ামী লীগের মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হওয়া সাকিব ২০২৪ সালের রাজনৈতিক পরিবর্তনের পর থেকে দেশের বাইরে রয়েছেন। প্রায় দুই বছর ধরে দেশে না ফিরলেও, এবার ফেরার ইচ্ছা প্রকাশ করেছেন তিনি। তবে দেশে ফেরার ক্ষেত্রে সবচেয়ে বড় শর্ত হিসেবে তিনি তুলে ধরেছেন হয়রানি না করার নিশ্চয়তা।

গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে সাকিব বলেন, তার বিরুদ্ধে যেসব মামলা রয়েছে, সেগুলোর আইনি সমাধান দেশে এসেই করা সম্ভব। তিনি বিশেষ করে দুর্নীতি দমন কমিশন (দুদক)-এর মামলার প্রসঙ্গ টেনে বলেন, এ ধরনের মামলায় জামিন নেওয়া সম্ভব এবং দেশে এমন অনেকেই আছেন যারা একই ধরনের মামলার মুখোমুখি হয়েও স্বাভাবিক জীবনযাপন করছেন।

তার ভাষায়, “আমার যেসব মামলা আছে, দেশে এসে আইনি পথেই সমাধান করতে চাই। দুদকের মামলায় জামিন নেওয়ার সুযোগ আছে, এটা কোনো অস্বাভাবিক বিষয় না।”

দেশে ফিরলে গ্রেপ্তার হওয়ার সম্ভাবনা নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন এই ক্রিকেটার। তিনি বলেন, বর্তমান পরিস্থিতিতে কী ঘটবে তা আগে থেকে নিশ্চিত করে বলা কঠিন। তবে তিনি আশা করছেন, দোষ প্রমাণিত না হওয়া পর্যন্ত তার বিরুদ্ধে কোনো কঠোর পদক্ষেপ নেওয়া হবে না।

সাকিব বলেন, “আমি আশাবাদী যে, অযথা কোনো ব্যবস্থা নেওয়া হবে না। কিন্তু এখন অনেক কিছুই অপ্রত্যাশিতভাবে ঘটছে, তাই নিশ্চিত করে কিছু বলা কঠিন।”

দেশে ফেরার ক্ষেত্রে নিজের প্রত্যাশার কথাও স্পষ্টভাবে জানিয়েছেন সাকিব। তিনি বলেন, বিশেষ কোনো ভিআইপি সুবিধা নয়, বরং একজন সাধারণ নাগরিক হিসেবে ন্যূনতম নিরাপত্তা ও আইনি সুরক্ষা চান।

তিনি বলেন, “আমি দেশে ফিরে আদালতে যাব, মামলা লড়ব। কিন্তু আইনি প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত যেন আমাকে হয়রানি করা না হয়-এই নিশ্চয়তাটুকুই চাই। এটা একজন সাধারণ নাগরিক হিসেবেও আমার অধিকার।”

সবশেষে সাকিব জানান, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যদি দ্রুত হয়রানি না করার নিশ্চয়তা দেয়, তাহলে তিনি দেরি না করে দেশে ফিরবেন। “যদি আগামীকাল এই নিশ্চয়তা পাই, তাহলে পরশুই দেশে চলে আসব-যোগ করেন তিনি।”

ভিওডি বাংলা/জা


 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নিউজিল্যান্ডের সাথে টি-টোয়েন্টি সিরিজ ড্র করল বাংলাদেশ
নিউজিল্যান্ডের সাথে টি-টোয়েন্টি সিরিজ ড্র করল বাংলাদেশ
বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ১০২ রানেই অলআউট বাংলাদেশ
বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ১০২ রানেই অলআউট বাংলাদেশ
বৃষ্টিতে দুই ঘণ্টা পর টস হলো সিলেটে, ফিল্ডিংয়ে বাংলাদেশ
বৃষ্টিতে দুই ঘণ্টা পর টস হলো সিলেটে, ফিল্ডিংয়ে বাংলাদেশ