ওপেনএআই স্মার্টফোন আনছে চ্যাটজিপিটি নির্মাতা

চ্যাটজিপিটি নির্মাতা প্রতিষ্ঠান ওপেনএআই এবার স্মার্টফোন বাজারে প্রবেশ করতে পারে-এমন খবর ঘিরে প্রযুক্তি দুনিয়ায় শুরু হয়েছে ব্যাপক আলোচনা। বিভিন্ন আন্তর্জাতিক প্রযুক্তি বিশ্লেষণ ও লিক হওয়া তথ্যে বলা হচ্ছে, প্রতিষ্ঠানটি এমন একটি ডিভাইস তৈরির পরিকল্পনা করছে, যেখানে অ্যাপ-নির্ভর ব্যবস্থার পরিবর্তে থাকবে শক্তিশালী ‘এআই এজেন্ট’। এই এজেন্ট ব্যবহারকারীর নির্দেশ ছাড়াও অনেক কাজ স্বয়ংক্রিয়ভাবে সম্পন্ন করতে পারবে বলে ধারণা করা হচ্ছে।
বিশ্লেষকদের মতে, এই প্রকল্প সফল হলে এটি স্মার্টফোন ব্যবহারের ধরণে বড় ধরনের পরিবর্তন আনতে পারে। বর্তমানে স্মার্টফোনে বিভিন্ন কাজের জন্য আলাদা আলাদা অ্যাপ ব্যবহার করতে হয়। কিন্তু ওপেনএআই-এর সম্ভাব্য ডিভাইসে ব্যবহারকারীকে আলাদা অ্যাপ খুলতে নাও হতে পারে; বরং কণ্ঠ নির্দেশ বা সাধারণ ইনপুটের মাধ্যমে এআই এজেন্ট সরাসরি কাজ সম্পন্ন করবে।
প্রাথমিক তথ্য অনুযায়ী, ওপেনএআই-এর এই সম্ভাব্য ডিভাইসটি মূলত একটি এআই-কেন্দ্রিক স্মার্টফোন হবে। এতে থাকবে উন্নত মানের ভয়েস রিকগনিশন এবং কনটেক্সট-ভিত্তিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা।
এআই এজেন্টটি ব্যবহারকারীর দৈনন্দিন কাজ যেমন-ক্যাব বুকিং, মিটিং শিডিউল করা, ইমেইল পাঠানো কিংবা গুরুত্বপূর্ণ ডকুমেন্ট ম্যানেজ করার মতো কাজ স্বয়ংক্রিয়ভাবে করতে সক্ষম হতে পারে। এতে ব্যক্তিগত সহকারীর মতো একটি অভিজ্ঞতা তৈরি হবে বলে ধারণা করা হচ্ছে।
শিল্প বিশ্লেষক মিং-চি-কুওর বরাতে জানা যায়, এই ডিভাইসে মিডিয়াটেক চিপসেট ব্যবহারের সম্ভাবনা রয়েছে এবং উৎপাদনের দায়িত্বে থাকতে পারে লাক্সশেয়ার-এর মতো একটি সরবরাহকারী প্রতিষ্ঠান।
বিশেষজ্ঞদের মতে, যদি ওপেনএআই সত্যিই এই ধরনের ডিভাইস বাজারে আনে, তবে এটি অ্যাপল ও স্যামসাংয়ের মতো প্রতিষ্ঠিত স্মার্টফোন নির্মাতাদের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে। কারণ এটি প্রচলিত অ্যাপ-ভিত্তিক ইকোসিস্টেমের পরিবর্তে একটি এআই-চালিত ইন্টারফেস তৈরি করতে চাইছে।
তবে অনেক বিশ্লেষক মনে করছেন, এই ধরনের ডিভাইসের সফলতা নির্ভর করবে এর বাস্তব ব্যবহারযোগ্যতা এবং ব্যবহারকারীর গ্রহণযোগ্যতার ওপর। শুধু ধারণা বা প্রযুক্তিগত সক্ষমতা নয়, বাজারে টিকে থাকার জন্য প্রয়োজন হবে শক্তিশালী সফটওয়্যার ইকোসিস্টেম।
ওপেনএআই এখনো আনুষ্ঠানিকভাবে স্মার্টফোন প্রকল্প সম্পর্কে বিস্তারিত কিছু ঘোষণা করেনি। তবে প্রযুক্তি বিশ্লেষকদের ধারণা, সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে ২০২৬ সালের শেষ নাগাদ এই ধরনের ডিভাইস বাজারে আসতে পারে।
ভিওডি বাংলা/জা






