ফুলহ্যামকে উড়িয়ে শীর্ষে আর্সেনাল

প্রথমার্ধেই তিন গোল করে ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেয় আর্সেনাল। বিরতির পর আক্রমণের গতি কিছুটা কমলেও দৃঢ় রক্ষণে ভর করে বড় জয় নিয়েই মাঠ ছাড়ে মিকেল আর্তেতার দল।
শনিবার এমিরেটস স্টেডিয়ামে প্রিমিয়ার লিগর ম্যাচে ফুলহ্যামকে ৩-০ গোলে হারিয়েছে স্বাগতিকরা। জোড়া গোল করেন ভিক্টর ইয়োকেরেশ এবং একটি গোল করেন বুকায়ো সাকা।
এই জয়ে লিগ টেবিলে শীর্ষস্থান আরও মজবুত করেছে আর্সেনাল। ৩৫ ম্যাচে ২৩ জয় ও ৭ ড্রয়ে তাদের সংগ্রহ ৭৬ পয়েন্ট। দুই ম্যাচ কম খেলে ৭০ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে ম্যানচেস্টার সিটি।
ম্যাচের শুরু থেকেই দাপট দেখায় আর্সেনাল। প্রথম শটেই গোল পায় তারা। সাকার দারুণ পাস থেকে নিখুঁত ফিনিশে দলকে এগিয়ে দেন ইয়োকেরেশ।
২৭তম মিনিটে পরপর দুটি শটে গোলের চেষ্টা করেও সফল হতে পারেনি আর্সেনাল। পরে ২৯তম মিনিটে হেডে বল জালে জড়ালেও অফসাইডের কারণে গোল বাতিল হয় রিকার্দো কালাফিওরির।
৪০তম মিনিটে আবারও সাকা-ইয়োকেরেশ জুটির নৈপুণ্যে ব্যবধান বাড়ে। ইয়োকেরেশের পাস থেকে নিচু শটে গোল করেন সাকা।
প্রথমার্ধের যোগ করা সময়ে পাল্টা আক্রমণ থেকে নিজের দ্বিতীয় গোলটি করেন ইয়োকেরেশ। লিয়ান্দ্রো ত্রোসারের ক্রস থেকে হেডে বল জালে পাঠান তিনি।
বিরতির পর কিছুটা ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে ফুলহ্যাম। ৭২তম মিনিটে লক্ষ্যে প্রথম শট নেয় দলটি, তবে সহজেই তা রুখে দেন গোলরক্ষক দাভিদ রায়া।
৮১তম মিনিটে আরেকটি গোলের সুযোগ পেয়েও তা কাজে লাগাতে পারেননি কালাফিওরি। তার হেড ক্রসবারে লেগে ফিরে আসে, গোলরক্ষক বার্নড লেনোর মাথা ছুঁয়ে।
শেষ পর্যন্ত আর কোনো গোল না হলে ৩-০ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে আর্সেনাল। ৩৫ ম্যাচে ৪৮ পয়েন্ট নিয়ে দশম স্থানে রয়েছে ফুলহ্যাম।
ভিওডি বাংলা/আ







