নিউমার্কেট এলাকায় দুর্বৃত্তের গুলিতে এক ব্যক্তি নিহত

রাজধানীর নিউমার্কেট এলাকায় দুর্বৃত্তের গুলিতে অজ্ঞাত পরিচয়ে এক ব্যক্তি নিহত হয়েছেন। তার বয়স আনুমানিক ৪২ বছর।
মঙ্গলবার (২৮এপ্রিল) রাত ৮টার দিকে নিউমার্কেট বটতলা শহিদ শাহ নেওয়াজ হল সংলগ্ন রাস্তায় এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় কয়েকজন শিক্ষার্থী তাকে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে রাত সাড়ে ৮টার দিকে চিকিৎসক মৃত ঘোষনা করেন।
তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা পথচারী শিক্ষার্থী মো. মেজবাহ রহমান জানান, রাত ৮টার দিকে নিউমার্কেট বটতলা শাহনেওয়াজ হলের সামনের রাস্তায় দুইজন দুর্বৃত্ত মোটরসাইকেল করে এসে ওই ব্যক্তিকে এলোপাতাড়ি গুলি করতে থাকে। তখন গুলিবিদ্ধ হয়ে রাস্তায় পড়ে যান ওই ব্যক্তি। একপর্যায়ে আশপাশের লোকজন মিলে তাদেরকে ধাওয়া দিলে তারা মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায়। যাওয়ার পথে লোকজনদেরও ভয় দেখানোর জন্য গুলি ছোড়ে। তাদের দুজনই ক্যাপ ও মাস্ক পরিহিত ছিল।
তিনি আরও জানান, তখন রাস্তায় পড়ে থাকা ওই ব্যক্তিকে দ্রুত উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়। তবে চিকিৎসক পরিক্ষা নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, ওই ব্যক্তির মাথাসহ শরীরে একাধিক গুলির চিহ্ন রয়েছে। মরদেহ মর্গে রাখা হয়েছে।
নিউমার্কেট থানার উপ পরিদর্শক (এসআই) মোঃ শাহাদৎ হোসেন জানান, গুলির ঘটনা শুনে হাসপাতালে আসি। তবে তিনি মারা গেছেন। তার পরিচয় সহ বিস্তারিত ঘটনা জানার চেষ্টা চলছে।
ভিওডি বাংলা/এসআর







