স্কুল ফিডিংয়ে অনিয়ম: তদন্তে কমিটি গঠন

স্কুল ফিডিং প্রকল্পে অনিয়মের অভিযোগের পর বিষয়টি তদন্তে কমিটি গঠন করেছে সরকার। চাঁপাইনবাবগঞ্জ ও মাদারীপুরের কয়েকটি প্রাথমিক বিদ্যালয়ে নিম্নমানের খাবার খেয়ে শিক্ষার্থীদের অসুস্থ হওয়ার খবর প্রকাশের পর এ পদক্ষেপ নেওয়া হয়।
রোববার (২৬ এপ্রিল) রাতে শিক্ষা মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, চাঁপাইনবাবগঞ্জ সদর ও মাদারীপুর সদর উপজেলার কয়েকটি বিদ্যালয়ে মিড ডে মিলের খাবার খেয়ে কয়েকজন শিক্ষার্থী অসুস্থ হয়েছে। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে দ্রুত ও কঠোর ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
মাদারীপুরে জেলা প্রশাসকের নেতৃত্বে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। পাশাপাশি সংশ্লিষ্ট খাদ্য সরবরাহকারীদের সঙ্গে করা চুক্তি কেন বাতিল করা হবে না, সে বিষয়ে প্রকল্প পরিচালকের পক্ষ থেকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।
অন্যদিকে, শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন চাঁপাইনবাবগঞ্জে জেলা প্রশাসক ও সিভিল সার্জনকে অন্তর্ভুক্ত করে পৃথক তদন্ত কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন।
চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রাথমিক শিক্ষা অফিসার ইতোমধ্যে ঘটনাটি তদন্ত করে প্রতিবেদন জমা দিয়েছেন। সংশ্লিষ্ট খাদ্য সরবরাহকারীর বিরুদ্ধেও দ্রুত কারণ দর্শানোর নোটিশ দেওয়া হবে বলে জানানো হয়েছে।
এছাড়া দুই জেলার জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাদের নিরাপদ খাদ্য আইনের আওতায় দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
ভিওডি বাংলা/আ







