যুক্তরাষ্ট্রে ২ শিক্ষার্থী হত্যাকাণ্ডের বিচার চায় বাংলাদেশ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

যুক্তরাষ্ট্রে অধ্যয়নরত দুই বাংলাদেশি শিক্ষার্থীর হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত এবং দোষীদের দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানিয়েছে বাংলাদেশ সরকার।
রোববার (২৬ এপ্রিল) পররাষ্ট্র মন্ত্রণালয়ে এ বিষয়ে বক্তব্য দেন প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।
তিনি জানান, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক এবং মর্মান্তিক। ফ্লোরিডায় এক বাংলাদেশি তরুণ ও তরুণীকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। ঘটনাস্থল থেকে তরুণের মরদেহ উদ্ধার করা হলেও তরুণীর মরদেহ এখনো পাওয়া যায়নি।
প্রতিমন্ত্রী বলেন, “ওয়াশিংটন মিশন, পররাষ্ট্র মন্ত্রণালয়, যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট, এফবিআইসহ সংশ্লিষ্ট সব সংস্থার সঙ্গে আমরা নিয়মিত যোগাযোগ রাখছি। বিষয়টি অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে।”

তিনি আরও জানান, নিহতদের পরিবারের সঙ্গে সরকারের পক্ষ থেকে যোগাযোগ করা হয়েছে এবং তাদের সর্বাত্মক সহায়তা নিশ্চিত করা হচ্ছে। মরদেহ দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়াও চলমান রয়েছে। এর মধ্যে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া, যেমন ময়নাতদন্ত (অটোপসি) সম্পন্ন করা এবং অন্যান্য প্রশাসনিক কাজ দ্রুত শেষ করার চেষ্টা চলছে।
শামা ওবায়েদ ইসলাম বলেন, “প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট সব দপ্তর সমন্বিতভাবে কাজ করছে। দ্রুততম সময়ে মরদেহ প্রত্যাবাসনের ব্যবস্থা নেওয়া হবে।”
তিনি আশা প্রকাশ করে বলেন, যুক্তরাষ্ট্রের আইনশৃঙ্খলা বাহিনী এ ঘটনার সঠিক তদন্ত করবে এবং দায়ীদের শনাক্ত করে দ্রুত বিচারের মুখোমুখি করবে। বাংলাদেশ সরকার এ বিষয়ে সর্বোচ্চ কূটনৈতিক তৎপরতা অব্যাহত রাখবে বলেও জানান তিনি।
ভিওডি বাংলা/জা







