সৌদি আরবে পৌঁছেছেন ৩২,৫৩২ বাংলাদেশি হজযাত্রী

সৌদি আরবে পবিত্র হজ পালনের উদ্দেশে এখন পর্যন্ত ৮১টি ফ্লাইটে পৌঁছেছেন ৩২ হাজার ৫৩২ জন বাংলাদেশি হজযাত্রী।
শনিবার (২৫ এপ্রিল) ভোররাতে হজ পোর্টালের আইটি হেল্পডেস্কের সর্বশেষ বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে।
প্রাপ্ত তথ্যে দেখা যায়, মোট যাত্রীদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় গেছেন ৩ হাজার ২৮৪ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ২৯ হাজার ২৪৮ জন। হজযাত্রীদের পরিবহনে তিনটি এয়ারলাইন্স ফ্লাইট পরিচালনা করছে। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিচালনা করেছে ৩৩টি, সৌদি এয়ারলাইন্স ৩০টি এবং ফ্লাইনাস ১৮টি ফ্লাইট।
এদিকে, সৌদি আরবে অবস্থানকালে এখন পর্যন্ত দুইজন বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে। সর্বশেষ গত বুধবার মক্কায় ৭০ বছর বয়সী মো. আবুল কাশেম মারা যান। এর আগে জয়পুরহাটের মো. নইম উদ্দীন মন্ডলের মৃত্যু হয়।
চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৬ মে পবিত্র হজ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এ উপলক্ষে চলতি মাসের ১৮ এপ্রিল ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে হজ ফ্লাইট কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
হজযাত্রীদের সৌদি আরবে পরিবহন কার্যক্রম চলবে আগামী ৩১ মে পর্যন্ত। হজ শেষে ফিরতি ফ্লাইট শুরু হবে ৩০ মে থেকে, যা চলবে ৩০ জুন পর্যন্ত।
ভিওডি বাংলা/জা







