• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

ফজরের সুন্নত: জামাত শুরু হলে কী করবেন?

ভিওডি বাংলা ডেস্ক    ১৫ এপ্রিল ২০২৬, ০৪:১৪ এ.এম.
ছবি: সংগৃহীত

ফজরের দুই রাকাত সুন্নাত নামাজ ইসলামে অত্যন্ত গুরুত্ববহ একটি আমল। হাদিসে এ নামাজের বিশেষ ফজিলতের কথা উল্লেখ রয়েছে, যা অন্য নফল বা সুন্নত নামাজের তুলনায় বেশি গুরুত্ব পেয়েছে।

হযরত আয়েশা (রা.) বর্ণনা করেন, মহানবী (সা.) ফজরের দুই রাকাত (সুন্নত) নামাজে এত গুরুত্ব দিতেন যা অন্য কোনো নফল (বা সুন্নত) নামাজে দিতেন না। (সহিহ বুখারি, হাদিস নং : ১১৬৯)

আরেক হাদিসে আবু উমামা (রা.) থেকে বর্ণিত, মহানবী (সা.) বলেছেন, ‘(ফজরের সময়) যে ব্যক্তি (নিজের ঘরে) অজু করে, তারপর মসজিদে এসে ফজরের নামাজের পূর্বে দুই রাকাত নামাজ পড়ে, তারপর বসে (অপেক্ষা করে) ফজরের নামাজ (জামাআতে) পড়ে, সেই ব্যক্তির সেদিনকার নামাজ নেক লোকদের নামাজ হিসাবে গণ্য করা হয়। আর তার নাম পরম করুণাময় আল্লাহর প্রতিনিধিদলের সাথে তালিকাভুক্ত হয়।’ (ত্বাবারানি, হাদিস নং : ৭৭৬৬)

তবে অনেকের মনে প্রশ্ন জাগে—জামাত শুরু হয়ে গেলে ফজরের সুন্নত আদায় করা যাবে কি না। এ বিষয়ে গ্রহণযোগ্য মত হলো, যদি সুন্নত নামাজ আদায় করে জামাতের অন্তত দ্বিতীয় রাকাত পাওয়া যায়, তাহলে আগে সুন্নত পড়ে নেওয়া উচিত।

কিন্তু যদি আশঙ্কা থাকে যে জামাতের দ্বিতীয় রাকাতও পাওয়া যাবে না, তাহলে সুন্নত না পড়ে সরাসরি জামাতে শরিক হওয়া উত্তম। পরে সূর্যোদয়ের পর সুন্নত নামাজ আদায় করে নেওয়া যাবে।

এ প্রসঙ্গে আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, রাসুল (সা.) বলেন, ‘যে ফজরের দুই রাকাত (সুন্নত) পড়তে পারে না, সে যেন তা সূর্যোদয়ের পর পড়ে নেয়।’ (তিরমিজি, হাদিস নং : ৪২৩)

তবে জামাত শেষ হওয়ার পর সূর্যোদয়ের আগে এই সুন্নত পড়া উচিত নয়।

ইমাম মারগিনানি (রাহ.) এ বিষয়ে বলেন, ‘যে মসজিদে গিয়ে দেখে, ফজরের জামাত শুরু হয়ে গেছে কিন্তু তার সুন্নত পড়া হয়নি, যদি তার মনে হয় যে, সুন্নত পড়লে জামাতের এক রাকাত ছুটে গেলেও আরেক রাকাত পাওয়া যাবে, তাহলে মসজিদের দরজায় সুন্নত পড়ে নেবে। তারপর জামাতে শরিক হবে। কারণ এখানে উভয় ফজিলতের (ফজরের সুন্নতের ফজিলত ও জামাতের ফজিলত) মধ্যে সমন্বয় করা সম্ভব হচ্ছে। আর যদি মনে হয় যে, উভয় রাকাত ছুটে যাবে তাহলে জামাতে শরিক হয়ে যাবে। কারণ জামাতের মর্যাদা বেশি এবং তা পরিত্যাগ করার ব্যাপারে সতর্কবাণী এসেছে।’ (হেদায়া, খন্ড : ১, পৃষ্ঠা : ৩১৫-৩১৬)

অনেক আলেমের মতে, জামাত চলাকালে মসজিদে প্রবেশ করলে মূল কাতার থেকে কিছুটা দূরে—যেমন বারান্দা, কোণা বা খুঁটির আড়ালে—ফজরের সুন্নত নামাজ আদায় করা যেতে পারে। সাহাবি ও তাবেয়িদের মধ্যেও এ ধরনের আমলের দৃষ্টান্ত পাওয়া যায়।

তাই পরিস্থিতি অনুযায়ী সুন্নত ও জামাত—উভয়টির গুরুত্ব বিবেচনায় রেখে সিদ্ধান্ত নেওয়াই উত্তম।

ভিওডি বাংলা/এমএস 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
১৮ এপ্রিল থেকে হজ ফ্লাইট শুরু
১৮ এপ্রিল থেকে হজ ফ্লাইট শুরু
নামাজের সালাম ফেরানোর সঠিক নিয়ম
নামাজের সালাম ফেরানোর সঠিক নিয়ম
মক্কায় নতুন বিমানবন্দর নির্মাণের পরিকল্পনা
মক্কায় নতুন বিমানবন্দর নির্মাণের পরিকল্পনা