হজের আনুষ্ঠানিকতা শেষ, ফিরতি ফ্লাইট শুরু রাতেই

তিন জামারাতে কঙ্কর নিক্ষেপের মাধ্যমে শুক্রবার (২৯ মে) শেষ হলো হজের আনুষ্ঠানিকতা। এবার দেশে ফেরার পালা। রাতেই আকাশে উড়বে প্রথম ফিরতি হজ ফ্লাইট।
সৌদি আরবের স্থানীয় সময় রাত ১২ টা ১০ মিনিটে জেদ্দার কিং আবদুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড়াল দেবে প্রথম ফিরতি হজ ফ্লাইট। সাউদিয়া এয়ারলাইন্সের একটি ফ্লাইটের মাধ্যমে শুরু হচ্ছে হাজিদের দেশে ফেরার যাত্রা। প্রথমদিনে ১৩টি ফ্লাইটে ফিরবেন ৫ হাজার ৪৩৪ জন হাজী।
ধর্ম মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. আবুবকর সিদ্দীক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
গত ১৭ এপ্রিল রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ২০২৬ সালের হজ ফ্লাইট উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বাংলাদেশ থেকে হজযাত্রী নিয়ে শেষ ফ্লাইটটি সৌদি আরব পৌঁছায় গত ২১ মে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, এ বছর সৌদি সরকারের বেঁধে দেয়া সময়ের মধ্যেই হজযাত্রীদের তাবু ভাড়া, পরিবহন চুক্তি, বাসা ভাড়া ও ভিসার কাজ শেষ করে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। হজযাত্রী পরিবহন মসৃণ করার জন্য এয়ারলাইন্সের সাথে আলোচনা করে নেয়া হয় প্রয়োজনীয় ব্যবস্থা। ফলে কোনোরূপ শিডিউল বিপর্যয় ছাড়াই সৌদি আরব পৌঁছেছেন নিবন্ধিত শতভাগ হজযাত্রী।
ধর্ম মন্ত্রণালয়ের উল্লেখ করা হয়, ফিরতি হজ ফ্লাইট শেষ হবে আগামী ১ জুলাই।
ভিওডি বাংলা/এফএ







