• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

তপ্ত তানোর:

তাপদাহে বিপর্যস্ত কৃষিকাজ, মাঠ ছাড়ছেন শ্রমিকরা

রাজশাহী ব্যুরো    ১৪ এপ্রিল ২০২৬, ০৪:০৩ পি.এম.
প্রচণ্ড তাপদাহে দুপুরের আগেই মাঠ ছাড়ছেন তানোরের কৃষি শ্রমিকরা-ছবি-ভিওডি বাংলা

রাজশাহীর তানোর উপজেলায় চৈত্রের তাপদাহে জনজীবন ও কৃষিকাজে দেখা দিয়েছে চরম দুর্ভোগ। হঠাৎ করে তাপমাত্রা বেড়ে যাওয়ায় অস্বস্তিতে পড়েছেন কৃষক, কৃষি শ্রমিকসহ সাধারণ মানুষ। একই সঙ্গে হাটবাজারগুলোতেও কমে গেছে মানুষের উপস্থিতি।

খরাপ্রবণ বরেন্দ্র অঞ্চলের গুরুত্বপূর্ণ এলাকা তানোরে বর্তমানে পুরোদমে চলছে আলু উত্তোলন ও বোরো ধান রোপণ। পাশাপাশি বিল কুমারী বিলের জমিতে রোপণ করা ধানের পরিচর্যাও চলছে। তবে তীব্র গরমে মাঠে কাজ করা কঠিন হয়ে পড়েছে শ্রমিকদের জন্য।

স্থানীয় কৃষকদের সঙ্গে কথা বলে জানা যায়, সকাল থেকেই কাজ শুরু করলেও দুপুর ১টার আগেই অনেক শ্রমিক মাঠ ছাড়তে বাধ্য হচ্ছেন। পরে বিকালে তাপমাত্রা কিছুটা কমলে আবার কাজে ফিরছেন তারা।

তানোর পৌর এলাকার ধানতৈড় গ্রামের কৃষক জাহাঙ্গীর জানান, “গত কয়েকদিনের তুলনায় এখন তাপমাত্রা অনেক বেশি অনুভূত হচ্ছে। রাস্তায় বের হলেই রোদের তাপে মুখ জ্বলে যাচ্ছে। দুপুরের পর মাঠে থাকা প্রায় অসম্ভব হয়ে পড়েছে।”

তিনি আরও বলেন, “শ্রমিকরা ভোরে কাজ শুরু করে বেলা ১২টা বা ১টার মধ্যে ফিরে আসে। পরে বিকালে আবার কাজে যায়।”

এদিকে তানোর থানা মোড়সহ বিভিন্ন এলাকায় দুপুরের পর মানুষের উপস্থিতি উল্লেখযোগ্যভাবে কমে যায়। স্থানীয় পেয়ারা বিক্রেতা লিটন জানান, “সকালে কিছু বেচাকেনা হলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ক্রেতা কমে যায়। এই গরমে রাস্তায় দাঁড়িয়ে থাকা কঠিন।”

মাঠ থেকে ফিরে আসা কৃষি শ্রমিক হাসান আলী বলেন, “ভোরে কাজ শুরু করেছিলাম, কিন্তু রোদে থাকা যাচ্ছে না। তাই আগেই ফিরে আসতে হয়েছে। বিকেলে আবার কাজ শুরু করব।”

আলু উত্তোলনের পর জমিতে বোরো ধান রোপণের কাজ করছেন ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর নারীরাও। নাইক্যা টুডু নামের এক নারী শ্রমিক বলেন, “আগে সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত কাজ করতাম। এখন গরমের কারণে ভোর ৬টা থেকে শুরু করে দুপুর ২টার মধ্যে শেষ করতে হচ্ছে। প্রচণ্ড রোদে কাজ করতে খুব কষ্ট হচ্ছে।”

অটোভ্যান চালক তৈয়ব জানান, “গরমের কারণে রাস্তায় যাত্রী কম। আয়ও কমে গেছে।”

অন্যদিকে বোরো ধানের পরিচর্যায় নিয়োজিত শ্রমিক খাইরুল ও মোস্তফা বলেন, “মাঠে কাজ করতে গিয়ে শরীর জ্বলে যাচ্ছে, গলা শুকিয়ে যাচ্ছে। বারবার পানি পান করেও আরাম মিলছে না।”

স্থানীয় কৃষক শাকির জানান, “সকালে জমি দেখতে গিয়েও বেশিক্ষণ থাকা যায়নি। তাপমাত্রা এমন থাকলে দিনের বদলে রাতে সেচ দিতে হবে।”

আরেক শ্রমিক সোলাইমান বলেন, “দুপুর ১টার পর গরম অসহনীয় হয়ে ওঠে। সকাল ১০টা থেকে বিকাল ৩টা পর্যন্ত সবচেয়ে বেশি কষ্ট হয়।”

তানোরে হঠাৎ এই তাপদাহে কৃষি কার্যক্রম ব্যাহত হওয়ার পাশাপাশি সাধারণ মানুষের জীবনযাত্রাও দুর্বিষহ হয়ে উঠেছে। কৃষকরা আশঙ্কা করছেন, এ পরিস্থিতি দীর্ঘস্থায়ী হলে ফসল উৎপাদনে নেতিবাচক প্রভাব পড়তে পারে।

ভিওডি বাংলা/মো. রমজান আলী/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
তাহিরপুরে নববর্ষের উৎসবের আমেজে হাওরে ধান কাটা শুরু
তাহিরপুরে নববর্ষের উৎসবের আমেজে হাওরে ধান কাটা শুরু
সীমান্তে আটক দুই বাংলাদেশিকে ফেরত দিল বিএসএফ
সীমান্তে আটক দুই বাংলাদেশিকে ফেরত দিল বিএসএফ
কুষ্টিয়ায় দুই শতাধিক ব্যক্তিকে আসামি করে মামলা
পীর হত্যা কুষ্টিয়ায় দুই শতাধিক ব্যক্তিকে আসামি করে মামলা