সাবেক আইনমন্ত্রী শফিক আহমেদ আর নেই

দেশের সাবেক আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী শফিক আহমেদ আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। রোববার (১২ এপ্রিল) বিকেল ৫টা ৪৫ মিনিটে রাজধানীর বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ছেলে মাহবুব শফিক।
পরিবার সূত্রে জানা যায়, শনিবার (১১ এপ্রিল) রাতে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৯ বছর। দীর্ঘদিন ধরে তিনি নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন।
শফিক আহমেদ ২০০৯ থেকে ২০১৪ সাল পর্যন্ত সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের টেকনোক্রেট মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।
পেশাগত জীবনে তিনি ১৯৬৭ সালে হাইকোর্টের আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন। পরে ১৯৮৯ সালে আপিল বিভাগের জ্যেষ্ঠ আইনজীবী হিসেবে নথিভুক্ত হন। তিনি ১৯৯৯ থেকে ২০০০ এবং ২০০৮ থেকে ২০০৯ সাল পর্যন্ত দুই দফায় সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সভাপতি নির্বাচিত হন। এছাড়া বাংলাদেশ বার কাউন্সিলের সহ-সভাপতির দায়িত্বও পালন করেছেন।
কর্মজীবনের শুরুতে ১৯৬৯ থেকে ১৯৭৩ সাল পর্যন্ত তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে খণ্ডকালীন অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন করেন। এরপর ১৯৭৩ থেকে ২০০৫ সাল পর্যন্ত সিটি ল’ কলেজের অধ্যক্ষ হিসেবে কাজ করেন। পাশাপাশি তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য এবং আইন বিভাগের পরীক্ষক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
ভিওডি বাংলা/এমএস







