• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

স্বচ্ছ ও জবাবদিহিমূলক আইন চায় সরকার: আইনমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক    ১২ এপ্রিল ২০২৬, ০৭:৪৬ পি.এম.
ছবি: সংগৃহীত

নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে আরও স্বচ্ছ ও সময়োপযোগী আইন প্রণয়নের উদ্যোগের কথা জানালেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।

রোববার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

আইনমন্ত্রী জানান, ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে সংবিধানের ৯৩ অনুচ্ছেদের বাধ্যবাধকতার কারণে অন্তর্বর্তী সরকারের জারি করা ১৩৩টি অধ্যাদেশ নির্ধারিত সময়ের মধ্যে সংসদে উপস্থাপন করা হয়। পরে এসব অধ্যাদেশ পর্যালোচনার জন্য সর্বসম্মতিক্রমে গঠিত সংসদীয় বিশেষ কমিটির কাছে পাঠানো হয়। কমিটি যাচাই-বাছাই শেষে গত ২ এপ্রিল সংসদে তাদের প্রতিবেদন জমা দেয়। সেই প্রতিবেদনের ভিত্তিতে সাম্প্রতিক দিনগুলোতে অধ্যাদেশগুলো বিল আকারে সংসদে উপস্থাপন করা হয় এবং সেগুলো নিয়ে বিস্তারিত আলোচনা অনুষ্ঠিত হয়।

তিনি আরও বলেন, উপস্থাপিত অধ্যাদেশগুলোর মধ্যে ৯৭টি হুবহু আইনে রূপান্তরিত হয়েছে। এছাড়া ১৩টি সংশোধনীর মাধ্যমে আইনে পরিণত হয়েছে এবং সাতটি অধ্যাদেশ বাতিল ও সংরক্ষণ করা হয়েছে। বাকি ১৬টি অধ্যাদেশ বিশেষ কমিটির সুপারিশ অনুযায়ী ভবিষ্যতে আরও যাচাই-বাছাই করে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হবে।

আইনমন্ত্রী উল্লেখ করেন, জাতীয় সংসদে কয়েকটি গুরুত্বপূর্ণ অধ্যাদেশ নিয়ে বিস্তৃত আলোচনা ও যুক্তিতর্ক হয়েছে। বিশেষ করে জাতীয় মানবাধিকার কমিশন অধ্যাদেশ, সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ অধ্যাদেশ এবং সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ বিষয়ে বিস্তারিত পর্যালোচনা হয়েছে।

তিনি বলেন, “যারা বলছেন, আমরা শক্তিশালী মানবাধিকার কমিশন চাই না, সুপ্রিম কোর্ট সচিবালয় চাই না কিংবা বিচারপতি নিয়োগে স্বচ্ছতা চাই না, তাদের জন্য এটি একটি স্পষ্ট বার্তা যে, বিএনপি তার নির্বাচনী অঙ্গীকারের অংশ হিসেবে এই আইনগুলোকে আরও বেশি স্বচ্ছ, জবাবদিহিমূলক এবং যুগোপযোগী করতে চায়। জনগণের যেকোনো যৌক্তিক দাবি বিএনপির কাছে সবচেয়ে বেশি বিবেচনার দাবি রাখে।” 

ভিওডি বাংলা/এমএস 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মুক্তি পেয়েছেন শিরীন শারমিন চৌধুরী
মুক্তি পেয়েছেন শিরীন শারমিন চৌধুরী
নিরাপদ সড়কে নাগরিক সচেতনতার গুরুত্ব তুলে ধরলেন সড়ক মন্ত্রী
নিরাপদ সড়কে নাগরিক সচেতনতার গুরুত্ব তুলে ধরলেন সড়ক মন্ত্রী
দ্রুত খুলছে মালয়েশিয়ার শ্রম বাজার: প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন
দ্রুত খুলছে মালয়েশিয়ার শ্রম বাজার: প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন