হাওরের বাঁধে দুর্নীতির প্রতিবাদে কৃষকদের গণসমাবেশ

হাওরে ফসল রক্ষা বাঁধে অনিয়ম ও দুর্নীতির প্রতিবাদে ১২টি উপজেলায় কর্মসূচি শেষে এবার সুনামগঞ্জ জেলা সদরে কৃষক-জনতার গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১১ এপ্রিল) সকাল ১১টায় শহরের ট্রাফিক পয়েন্ট সংলগ্ন শহীদ মিনার প্রাঙ্গণে হাওর ও নদী রক্ষা আন্দোলন, সুনামগঞ্জের উদ্যোগে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সংগঠনের সাধারণ সম্পাদক ওবায়দুল হক মিলনের সঞ্চালনায় সভাপতি রাজু আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সহ-সভাপতি ওবায়দুল মুন্সী।
সমাবেশে বিভিন্ন এলাকার কৃষকরা বক্তব্য রাখেন। তারা অভিযোগ করেন, ফসল রক্ষা বাঁধ নির্মাণে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির কারণে প্রতি বছরই হাওরের ফসল ঝুঁকির মুখে পড়ছে।
অনুষ্ঠানে সংগঠনের উপদেষ্টা, স্থানীয় জনপ্রতিনিধি, সাংস্কৃতিক কর্মী ও বিভিন্ন উপজেলার নেতারা বক্তব্য দেন। বক্তারা পিআইসি কার্যক্রমে অনিয়মের অভিযোগ তুলে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।
সমাবেশ থেকে ১০ দফা দাবি উত্থাপন করা হয়। দাবিগুলোর মধ্যে রয়েছে—ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা প্রকাশ করে ক্ষতিপূরণ প্রদান, কৃষিঋণ ও এনজিও ঋণ মওকুফ, অপরিকল্পিত বাঁধ অপসারণ, পিআইসি প্রকল্পে স্বচ্ছতা নিশ্চিতকরণ, মাটি কাটা ও লুটপাট বন্ধ, সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে বিচার বিভাগীয় তদন্ত, সময়মতো প্রকল্প বাস্তবায়ন, পরিবেশগত ছাড়পত্র প্রকাশ এবং নদী-খাল খননসহ অবৈধ বালু উত্তোলন বন্ধ করা।
বক্তারা আরও অভিযোগ করেন, পানি উন্নয়ন বোর্ড ও প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তাদের গাফিলতির কারণেই হাওরের ফসল ঝুঁকির মধ্যে পড়ছে। তারা দায়ীদের অপসারণ ও শাস্তির দাবি জানান।
এদিকে, সমাবেশ চলাকালেই জেলার একটি হাওরে ফসল রক্ষা বাঁধ ভেঙে পাহাড়ি ঢলের পানি প্রবেশ করে। এতে হাওরের প্রায় এক-তৃতীয়াংশ বোরো ফসল পানিতে তলিয়ে যায়। ক্ষতিগ্রস্ত কৃষকরা এ ঘটনায় জেলা প্রশাসককে দায়ী করে তাকে অবিলম্বে প্রত্যাহারের দাবি জানান।
ভিওডি বাংলা/আ







