আবদুস সালাম:
নির্বাচিত হলে দুই-তিন বছরে ঢাকার আমূল পরিবর্তন হবে

আগামী সিটি করপোরেশন নির্বাচনে সুযোগ পেলে দুই থেকে তিন বছরের মধ্যে ঢাকা শহরের আমূল পরিবর্তন করে দিব বলে মন্তব্য করেছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) প্রশাসক মো. আবদুস সালাম।
শনিবার (১১ এপ্রিল) রাজধানীর স্কাটন গার্ডেন রোড সচিব নিবাসে বিশেষ পরিচ্ছন্নতা ও মোশক নিধন অভিযানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আবদুস সালাম বলেন, “যদি আল্লাহ আমাকে সুযোগ দেন, আমি একজন কর্মী ও কাজের মানুষ হিসেবে বিশ্বাস করি-দুই থেকে তিন বছরের মধ্যে ইনশাআল্লাহ ঢাকা শহরের আমূল পরিবর্তন করে দেব।”
তিনি আরও বলেন, আজকে এমন একটি গুরুত্বপূর্ণ স্থানে পরিচ্ছন্নতা অভিযান শুরু করা হয়েছে, যেখানে সরকার পরিচালনার সঙ্গে সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ ব্যক্তিরা অবস্থান করেন। সেখানে এই কর্মসূচি উদ্বোধন করতে পারাকে তিনি গৌরবের বিষয় হিসেবে উল্লেখ করেন।
ডিএসসিসি প্রশাসক জানান, এই উদ্যোগের মাধ্যমে সারা ঢাকা শহরে একটি বার্তা যাবে এবং পরিচ্ছন্নতা ও মশক নিধন কার্যক্রম নতুন করে গতি পাবে।
তিনি বলেন, ঢাকা শহরের ৭৫টি ওয়ার্ডে একযোগে গণসংযোগ ও মাইকিং কার্যক্রম শুরু করা হবে, যাতে নাগরিকদের মধ্যে সচেতনতা বৃদ্ধি পায়।
তিনি আরও বলেন, শুধুমাত্র সিটি কর্পোরেশনের পক্ষে একা মশক নিধন বা শহর পরিষ্কার রাখা সম্ভব নয়, যদি জনগণ সম্পৃক্ত না হয়। জনগণ অংশ নিলে ৫০ শতাংশ কাজ হবে, আর সিটি কর্পোরেশন করলে বাকি ৫০ শতাংশ মিলিয়ে ১০০ শতাংশ সফলতা আসবে।
আবদুস সালাম নাগরিকদের দায়িত্ব পালনের ওপর গুরুত্ব দিয়ে বলেন, সবাই সচেতন হলে এবং নিজ নিজ দায়িত্ব পালন করলে শহর পরিষ্কার রাখা সহজ হবে।
তিনি পরিবেশ ও গাছপালার গুরুত্ব তুলে ধরে বলেন, সচিবালয় এলাকার মতো সবুজ পরিবেশ সারা ঢাকা শহরে গড়ে তুলতে পারলে নগরীর পরিবেশ অনেক উন্নত হবে।
শ্যামপুর এলাকার প্রসঙ্গ টেনে তিনি বলেন, খালগুলো যদি প্রবাহমান, দখলমুক্ত ও পরিচ্ছন্ন না রাখা যায়, তাহলে শুধুমাত্র পরিচ্ছন্নতা অভিযান সফল হবে না। এজন্য খাল পুনরুদ্ধার ও বর্জ্য ব্যবস্থাপনা জরুরি।
তিনি হকার, যানজট ও রিকশা ব্যবস্থার শৃঙ্খলা নিয়েও কথা বলেন এবং বলেন, এসব সমস্যার সমাধান এককভাবে সিটি কর্পোরেশনের পক্ষে সম্ভব নয়, সকলের সহযোগিতা প্রয়োজন।
অনুষ্ঠানে তিনি আরও বলেন, রাজধানী ঢাকা যদি বসবাসযোগ্য না হয়, তাহলে দেশের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হয়। তাই ঢাকা শহরকে আন্তর্জাতিক মানের বসবাসযোগ্য নগরীতে রূপান্তর করতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।
শেষে তিনি মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন ঘোষণা করেন এবং ৭৫টি ওয়ার্ডে একযোগে সচেতনতামূলক মাইকিং কার্যক্রম শুরু করার ঘোষণা দেন।
ভিওডি বাংলা/জা







