ভিওডি বাংলাকে নজরুল ইসলাম খান:
প্রার্থীদের অতীত কার্য বিবেচনা করা হবে

নারী আসনে মনোনয়ন প্রসঙ্গে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, মনোনয়ন পাওয়ার ক্ষেত্রে প্রার্থীদের অতীত কার্য বিবেচনা করা হবে।
শনিবার (১১ এপ্রিল) দুপুরে ভিওডিবাংলা থেকে চিকিৎসার জন্য সিঙ্গাপুরে অবস্থানরত বিএনপির এই সিনিয়র নেতার শরীরের খোঁজ নিতে ফোন করা হলে আলাপের একপর্যায়ে তিনি এ কথা জানান।
নিজ স্বাস্থ্যের বিষয়ে বলেন, তার শরীর খুব একটা ভালো না। চিকিৎসা চলছে।
এদিকে দ্বিতীয় দিনের মতো আজও ক্ষমতাসীন দল বিএনপির নয়াপল্টন কার্যালয়ে সংরক্ষিত নারী আসনে মনোনয়নপত্র বিতরণ চলছে । সকাল থেকেই নেতাকর্মীদের ভিড়। শুক্রবার থেকে আনুষ্ঠানিকভাবে ফরম বিক্রি শুরু হয়। যা আগামীকাল রোববার পর্যন্ত চলবে। এরই মধ্যে কেউ কেউ জমাও দিচ্ছেন।
নজরুল ইসলাম খান বলেন, যারা মনোনয়ন জমা দিবেন তাদের মধ্য থেকে বাছাই করে মনোনয়ন দেওয়া হবে। প্রার্থীদের অতীত কার্য বিবেচনা করে করা হবে। এখানে নতুন কোনো প্রক্রিয়া নেই। দলের কাছে যাদের যোগ্য মনে হবে তাদের মনোনয়ন দেওয়া হবে।
এদিকে সংরক্ষিত আসনে ছয় জন সংসদ সদস্যের বিপরীতে সংরক্ষিত আসমনে একজন নারী এমপি। সেই হিসেবে বিএনপি পাবে ৩৬টি, জামায়াত জোট ১৩ টি এবং স্বতন্ত্র সংসদ সদস্যেদের কোঠায় একজন।
বিএনপির সংরক্ষিত নারী আসন ৩৬টি হলেও প্রথম দিনেই পাঁচশতাধিক ফরম বিক্রি হয়েছে। দ্বিতীয় দিনেও বিক্রির সংখ্যা এমনই হবে বলে ধারণা করা হচ্ছে।
বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটি এবং মহিলা দলের পাশাপাশি সাবেক ছাত্রদল-নেত্রীরাও মনোনয়নপত্র নিচ্ছেন।
আন্দোলন, রাজপথের উপস্থিতিসহ প্রার্থীদের অতীতের ভূমিকা, সাংগঠনিক অভিজ্ঞতা দক্ষতা মনোনয়ন পাওয়ার ক্ষেত্রে প্রার্থীকে এগিয়ে দিবে বলে দলটির একাধিক সূত্রে জানা গেছে।
মনোনয়নের ক্ষেত্রে দলের পার্লামেন্টারি বোর্ড সিদ্ধান্ত নেবে। বিগত আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা, শিক্ষাগত যোগ্যতা এবং সংসদের কার্যক্রম সুচারুরূপে সম্পন্ন করার যোগ্যতাসহ আরও কিছুিবিষয় বিবেচনায় নেওয়া হবে বলে জানা গেছে।
আগামী ১২ মে ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচন হবে। জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসন ৫০টি। গত ১২ মার্চ জাতীয় সংসদের অধিবেশন শুরু হওয়ার পর থেকেই আলোচনায় আসে নারী আসনের নির্বাচন।
শুক্রবার বেলা ১১টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংরক্ষিত নারী আসনের মনোনয়ন ফরম বিক্রি কার্যক্রম উদ্বোধন করেন দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব এবং প্রধানমন্ত্রীর শিল্প ও রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী।
ভিওডি বাংলা/আরআর/আরকেএইচ







