উখিয়া সীমান্তে ল্যান্ডমাইন বিস্ফোরণে রোহিঙ্গা যুবক আহত

কক্সবাজারের উখিয়া সীমান্ত এলাকায় পুঁতে রাখা ল্যান্ডমাইন বিস্ফোরণে এক রোহিঙ্গা যুবক গুরুতরভাবে আহত হয়েছেন। এতে তার ডান পায়ের গোড়ালি মারাত্মক ক্ষতিগ্রস্ত হয় এবং হাঁটুর নিচের অংশও গুরুতরভাবে আঘাতপ্রাপ্ত হয়।
শুক্রবার (১০ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে উখিয়ার বালুখালী সীমান্তবর্তী এলাকায় এ ঘটনা ঘটে।
আহত যুবকের নাম মো. সাদেক (২৫)। তিনি উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্প-১০, ব্লক-এফ/১৩-এর বাসিন্দা। তার পিতার নাম বশির আহমেদ এবং মাতার নাম সারা খাতুন। বর্তমানে তাকে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সূত্রে জানা যায়, উখিয়া ব্যাটালিয়নের (৬৪ বিজিবি) অধীন বালুখালী বিওপির দায়িত্বপূর্ণ এলাকার কাছাকাছি এই বিস্ফোরণের ঘটনা ঘটে। স্থানটি বিআরএম-২১ থেকে প্রায় এক কিলোমিটার দক্ষিণে এবং মাস্টার কাঠি পোস্ট থেকে প্রায় ২৫০ মিটার উত্তরে অবস্থিত। এছাড়া এটি শূন্যরেখা থেকে আনুমানিক ১৫০ মিটার ভেতরে মিয়ানমারের অভ্যন্তরে ‘নারিকেল বাগান’ নামে পরিচিত এলাকায়।
বিজিবির পক্ষ থেকে জানানো হয়, বিস্ফোরণের শব্দ শোনার পর সীমান্তে দায়িত্বরত সদস্যরা দ্রুত ঘটনাস্থলের দিকে যান। সেখানে গিয়ে তারা দেখতে পান, গুরুতর আহত অবস্থায় সাদেককে তার সহকর্মীরা সীমান্তের শূন্যরেখা পার হয়ে বাংলাদেশের দিকে নিয়ে আসছেন। পরে স্থানীয়দের সহায়তায় তাকে প্রথমে উখিয়ার কুতুপালং এমএসএফ হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে তাকে জরুরি ভিত্তিতে কক্সবাজার সদর হাসপাতালে স্থানান্তর করা হয়।
চিকিৎসকরা জানিয়েছেন, আহত যুবকের অবস্থা বর্তমানে আশঙ্কাজনক। তার শরীরের নিচের অংশে গুরুতর আঘাত থাকায় নিবিড় পর্যবেক্ষণে চিকিৎসা দেওয়া হচ্ছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, জীবিকার তাগিদে সাদেকসহ কয়েকজন রোহিঙ্গা জেলে মাছ ধরার উদ্দেশ্যে সীমান্ত অতিক্রম করে মিয়ানমারের ভেতরে প্রবেশ করেন। মাছ ধরা শেষে ফেরার পথে তারা পুঁতে রাখা ল্যান্ডমাইনের ওপর পা দিলে বিস্ফোরণ ঘটে, এতে সাদেক গুরুতরভাবে আহত হন।
এ ঘটনার পর সীমান্তবর্তী এলাকায় নতুন করে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বিশেষ করে জীবিকার প্রয়োজনে সীমান্ত অতিক্রম করা রোহিঙ্গা ও স্থানীয় জেলেদের মধ্যে নিরাপত্তা ঝুঁকি নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে।
উখিয়া ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জহিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মাছ ধরতে গিয়ে ফেরার পথে মাইন বিস্ফোরণে একজন জেলে আহত হয়েছেন। তাকে দ্রুত চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে এবং বিষয়টি নজরদারিতে রয়েছে।
ভিওডি বাংলা/জা







