কালিয়ায় অবৈধভাবে মজুদ ৪শ’ লিটার জ্বালানি তেল জব্দ

নড়াইলের কালিয়া উপজেলায় অবৈধভাবে মজুদকৃত জ্বালানি তেলের বিরুদ্ধে অভিযান চালিয়ে ৪০০ লিটার ডিজেল ও অকটেন জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় এক ব্যক্তিকে ৫হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) নওয়াগ্রাম এলাকায় অভিযান পরিচালনা করেন।
কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইদ্রিস আলী জানান, জ্বালানি তেলের অবৈধ মজুদ ও বেশি দামে বিক্রির বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই অংশ হিসেবে কিলো-৩ ডিউটিতে নিয়োজিত এএসআই মোড়ল আব্দুল্লাহ আল মামুন গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্স নিয়ে নওয়াগ্রাম এলাকায় অভিযান চালান।
অভিযানকালে মো. পাভেল শেখ (৩০), পিতা মৃত একিম শেখের বসতবাড়ি থেকে দুইটি ব্যারেলে সংরক্ষিত ২০০ লিটার ডিজেল ও ২০০ লিটার অকটেন উদ্ধার করা হয়। পরে বিষয়টি থানার ওসি ও উপজেলা প্রশাসনকে জানানো হলে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জিন্নাতুল ইসলাম ঘটনাস্থলে উপস্থিত হন।
ঘটনার সত্যতা প্রমাণিত হওয়ায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযুক্তকে ৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। পাশাপাশি জব্দকৃত ৪০০ লিটার জ্বালানি তেল স্থানীয় পেট্রোল পাম্পে সরকার নির্ধারিত মূল্যে বিক্রির জন্য হস্তান্তর করা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, বিক্রয়লব্ধ অর্থ সরকারি কোষাগারে জমা করা হবে। এ ধরনের অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলেও প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।
ভিওডি বাংলা/মোঃ মাহফুজুর রহমান/আ







