এনসিপি নেত্রী রাফিয়া সুলতানা রাফির মৃত্যু

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) বগুড়া জেলার সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী রাফিয়া সুলতানা রাফি মারা গেছেন।
বুধবার (৮ এপ্রিল) দিবাগত রাত ৩টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৩২ বছর।
পরিবার সূত্রে জানা গেছে, বুধবার রাত ১০টার দিকে অসুস্থ অনুভব করলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে নেওয়া হয়। সেখানেই রাত ৩টার দিকে তার মৃত্যু হয়। তিনি স্বামী ও দুই কন্যাসন্তান রেখে গেছেন।
রাফিয়া সুলতানা রাফি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের ২০১২-১৩ সেশনের শিক্ষার্থী ছিলেন। ছাত্রজীবন থেকেই তিনি বিভিন্ন আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা পালন করেন। ২০১৯ সালে রোকেয়া হল ছাত্র সংসদ নির্বাচনে সহসভাপতি পদে প্রার্থী হন। এছাড়া ২০১৮ সালের কোটা সংস্কার আন্দোলন এবং ২০২৪ সালের জুলাই আন্দোলনেও তিনি সক্রিয় ছিলেন।
পরবর্তীতে তিনি জাতীয় নাগরিক পার্টির রাজনীতিতে যুক্ত হয়ে বগুড়া জেলার সিনিয়র যুগ্ম আহ্বায়কের দায়িত্ব পালন করছিলেন। এর আগে তিনি গণঅধিকার পরিষদের প্রতিষ্ঠাকালীন যুগ্ম আহ্বায়ক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
তার মৃত্যুতে এনসিপি ও সংশ্লিষ্ট রাজনৈতিক মহলে শোকের ছায়া নেমে এসেছে। দলটির কেন্দ্রীয় ও জেলা নেতারা গভীর শোক প্রকাশ করে মরহুমার আত্মার মাগফিরাত কামনা করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
আজ বাদ আসর বগুড়ার গাবতলী উপজেলার আটবাড়িয়া পীরগাছায় তার বাবার বাড়িতে জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। এছাড়া বগুড়া জেলা এনসিপির কার্যালয়ে বাদ এশা তার রুহের মাগফিরাত কামনায় দোয়ার আয়োজন করা হয়েছে।
ভিওডি বাংলা/আ







