• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

শেরপুর-৩ ও বগুড়া-৬ আসনে চলছে ভোটগ্রহণ

নিজস্ব প্রতিবেদক    ৯ এপ্রিল ২০২৬, ০৯:১০ এ.এম.
ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদের শেরপুর-৩ আসন (শ্রীবরদী-ঝিনাইগাতী) এবং বগুড়া-৬ আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ শুরু হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকাল সাড়ে ৭টা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে চলবে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত।

গত ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৯টি আসনে ভোট অনুষ্ঠিত হয়। বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ঢাকা-১৭ ও বগুড়া-৬ আসনে নির্বাচিত হন। পরবর্তীতে তিনি বগুড়া-৬ আসনটি ছেড়ে দেওয়ায় সেখানে উপনির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। অন্যদিকে, তফসিল ঘোষণার পর জামায়াতে ইসলামীর প্রার্থীর মৃত্যু হওয়ায় শেরপুর-৩ আসনের ভোট স্থগিত করা হয়েছিল। বর্তমানে সেখানে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।

এর আগে বুধবার নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ সাংবাদিকদের জানান, এখন পর্যন্ত প্রাপ্ত তথ্য অনুযায়ী নির্বাচনের সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। জাতীয় নির্বাচনের মতোই সুষ্ঠু পরিবেশ বজায় থাকবে বলে আশা প্রকাশ করেন তিনি।

শেরপুর-৩ আসন

এই আসনে তিনজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন—বিএনপির মাহমুদুল হক রুবেল, জামায়াতে ইসলামীর মাসুদুর রহমান মাসুদ এবং বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী)-এর মিজানুর রহমান।

জেলা নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, শেরপুর-৩ আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ১৩ হাজার ৩৭৭ জন। এর মধ্যে পুরুষ ২ লাখ ৫ হাজার ৬৬ জন, নারী ২ লাখ ৮ হাজার ৩০৪ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ৭ জন।

এই আসনে মোট ১২৮টি ভোটকেন্দ্র রয়েছে। এর মধ্যে ২৭টি অধিক গুরুত্বপূর্ণ, ৩২টি গুরুত্বপূর্ণ এবং ৬৯টি সাধারণ কেন্দ্র হিসেবে চিহ্নিত। মোট ভোটকক্ষ রয়েছে ৭৫১টি।

নিরাপত্তা নিশ্চিতে সেনাবাহিনীর ৮টি মোবাইল টিমে ২০০-এর বেশি সদস্য, ১৬ প্লাটুন বিজিবি, র‍্যাবের ১৪টি টিম এবং পুলিশের প্রায় ১১৫০ সদস্য মাঠে কাজ করছেন।

উল্লেখ্য, জামায়াত মনোনীত প্রার্থী নুরুজ্জামান বাদলের মৃত্যুজনিত কারণে গত ১২ ফেব্রুয়ারির নির্বাচন স্থগিত করা হয়েছিল। পরবর্তীতে নতুন তফসিল অনুযায়ী আজ এ আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে।

বগুড়া-৬ আসন

এই আসনেও তিনজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন—বিএনপির মো. রেজাউল করিম বাদশা, জামায়াতে ইসলামীর মো. আবিদুর রহমান এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির মো. আল-আমিন তালুকদার।

এ আসনে মোট ভোটকেন্দ্র ১৫০টি এবং ভোটকক্ষ ৮৩৫টি। মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৫০ হাজার ৩০৯ জন।

নির্বাচনকে কেন্দ্র করে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। স্ট্রাইকিং ফোর্স হিসেবে সেনাবাহিনীর ২৫০ জন সদস্য মোতায়েন রয়েছেন। এছাড়া বিজিবির ৮ প্লাটুন, র‌্যাবের ১০টি দল, পুলিশের ১ হাজার ৩২৭ জন এবং আনসার-ভিডিপির ১ হাজার ৯৯০ জন সদস্য দায়িত্ব পালন করছেন।

ভিওডি বাংলা/আ


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সিনিয়র জেলা জজ হলেন ৪০ বিচারক
সিনিয়র জেলা জজ হলেন ৪০ বিচারক
প্রধানমন্ত্রীর বিদেশ সফর চূড়ান্ত নয়, গুজবে কান না দেওয়ার আহ্বান
প্রধানমন্ত্রীর বিদেশ সফর চূড়ান্ত নয়, গুজবে কান না দেওয়ার আহ্বান
দারিদ্র্যসীমার ওপরে উঠতে পারবে না ১২ লাখ মানুষ
বাড়বে উচ্চ মূল্যস্ফীতি দারিদ্র্যসীমার ওপরে উঠতে পারবে না ১২ লাখ মানুষ