রকেট হামলা চালিয়ে ইসরায়েলের যুদ্ধবিরতি লঙ্ঘনের জবাব দিলো হিজবুল্লাহ

ইসরায়েলের অব্যাহত যুদ্ধবিরতি লঙ্ঘনের জবাবে দেশটিকে লক্ষ্য করে রকেট হামলা চালিয়েছে হিজবুল্লাহ। সশস্ত্র গোষ্ঠীটি এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করে জানিয়েছে, বৃহস্পতিবার ভোরে উত্তর ইসরায়েল লক্ষ্য করে এ হামলা চালানো হয়েছে।
হিজবুল্লাহ টেলিগ্রামে দেওয়া এক বিবৃতিতে জানিয়েছে, নিজ মাতৃভূমি ও দেশের জনগণের ওপর ইসরায়েলি এবং যুক্তরাষ্ট্রের আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত তারা হামলার জবাব দিয়ে যাবে।
লেবানন থেকে ছোড়া একটি রকেট আকাশেই ধ্বংস করে দেওয়া হয়েছে, এর আগে এমন দাবি করেছিল ইসরায়েলি সংবাদমাধ্যম।
যেখানে বলা হয়েছিল, লেবাননের হিজবুল্লাহ উত্তর ইসরায়েলে রকেট হামলার দায় স্বীকার করেছে। লেবাননের এই সন্ত্রাসী গোষ্ঠীর পৃষ্ঠপোষক ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের দুই সপ্তাহের যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছানোর পর এটিই দেশটির বিরুদ্ধে তাদের প্রথম হামলা।
গতকাল বুধবার মাত্র ১০ মিনিটের ব্যবধানে লেবাননে প্রায় ১০০টি লক্ষ্যবস্তুতে হামলা চালায় ইসরায়েল। দিনভর এই রক্তক্ষয়ী হামলায় অন্তত ২৫৪ জন নিহত এবং ১১৬৫ জনেরও বেশি আহত হয়। এ ঘটনায় লেবানন একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করে।
লেবাননের প্রধানমন্ত্রী নাওয়াফ সালাম জানিয়েছেন, তার দেশ ইসরায়েলি হত্যাযজ্ঞ থামাতে সব রাজনৈতিক ও কূটনৈতিক শক্তি পুঞ্জিভূত করছে।
ভিওডি বাংলা/এসআর







