• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

ইটিসি রেজিস্ট্রেশন শুরু

টোল প্লাজায় নন-স্টপ পারাপারে বাড়ছে গতি, কমছে ভোগান্তি

নিজস্ব প্রতিবেদক    ৮ এপ্রিল ২০২৬, ০৪:৩৬ পি.এম.
পদ্মা সেতুর টোল প্লাজা। ছবি: সংগৃহীত

পদ্মা সেতুতে দ্রুত ও আধুনিক টোল আদায় নিশ্চিত করতে ইলেকট্রনিক টোল কালেকশন (ইটিসি) ব্যবস্থা চালুর লক্ষ্যে সেতুর উভয় প্রান্তের জেলাসমূহে আনুষ্ঠানিকভাবে রেজিস্ট্রেশন কার্যক্রম শুরু হয়েছে। বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের আওতায় পরিচালিত এ কার্যক্রমের মাধ্যমে যানবাহনগুলোকে টোল প্লাজায় না থেমেই সেতু পারাপারের সুযোগ দেওয়া হচ্ছে। 

সংশ্লিষ্ট সূত্র জানায়, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের নির্দেশনা এবং বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের তত্ত্বাবধানে পদ্মা সেতুতে এ প্রযুক্তিনির্ভর সেবা চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। এ বিষয়ে সেতু বিভাগের সচিব ও বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক মোহাম্মদ আবদুর রউফ-এর সুনির্দিষ্ট নির্দেশনা ও নিবিড় পর্যবেক্ষণ রয়েছে।

যানবাহনের মালিক ও চালকদের মধ্যে ইটিসি সেবা সম্পর্কে সচেতনতা বাড়াতে সেতু পারাপারকারী গাড়িগুলোতে নিয়মিত লিফলেট বিতরণ করা হচ্ছে। একই সঙ্গে বিভিন্ন পয়েন্টে সরাসরি রেজিস্ট্রেশন সুবিধাও চালু করা হয়েছে।

গত ০৩ এপ্রিল ২০২৬ থেকে ফরিদপুরের গোল্ডেনলাইন পরিবহনের বাস ডিপোতে পোর্টেবল RFID স্ক্যানার ব্যবহার করে ফিল্ড পর্যায়ের ইটিসি রেজিস্ট্রেশন শুরু হয়। এছাড়া মাওয়া প্রান্তে নির্ধারিত রেজিস্ট্রেশন বুথে সপ্তাহের যেকোনো দিন রেজিস্ট্রেশন করা যাচ্ছে। পর্যায়ক্রমে মাদারীপুর টার্মিনাল, ঢাকার রাজারবাগ, সায়েদাবাদ ও যাত্রাবাড়ীতে ফিল্ড পর্যায়ের ইটিসি রেজিস্ট্রেশন কার্যক্রম পরিচালনা করা হবে। এ পর্যন্ত মোট ৫৪৬টি গাড়ি ইটিসির আওতায় নিবন্ধিত হয়েছে।
বর্তমানে ট্যাপ, বিকাশ, নগদ, উপায়সহ বিভিন্ন ব্যাংকের অ্যাপের মাধ্যমে টোল পরিশোধের সুযোগ রয়েছে। 

সংশ্লিষ্টরা জানান, বিভিন্ন পরিবহনের বাস ও অন্যান্য যানবাহন নন-স্টপ ইটিসি ব্যবহার করে ৬০ কিলোমিটার/ঘণ্টার অধিক গতিতে না থেকে পদ্মা সেতুর টোল প্লাজা অতিক্রম করছে।

যেসব সুবিধা মিলবে:

ইটিসি ব্যবহারের ফলে যাত্রীরা একাধিক সুবিধা পাবেন। এর মধ্যে রয়েছে—

নন-স্টপ যাতায়াত:
টোল প্লাজায় গাড়ি থামাতে হবে না, ফলে দীর্ঘ লাইনে অপেক্ষার প্রয়োজন কমবে।

সময় ও জ্বালানি সাশ্রয়:
স্বয়ংক্রিয় পদ্ধতিতে টোল পরিশোধ হওয়ায় যানজট কমবে এবং সময় ও জ্বালানির সাশ্রয় হবে।

ক্যাশলেস লেনদেন:
নগদ টাকা বহনের প্রয়োজন হবে না; ডিজিটাল ওয়ালেটের মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে টোল পরিশোধ করা যাবে।

তাৎক্ষণিক বার্তা:
প্রতিটি ট্রানজ্যাকশনের পর গ্রাহকের নিবন্ধিত মোবাইল নম্বরে এসএমএসের মাধ্যমে টোল আদায়ের পরিমাণ জানিয়ে দেওয়া হবে।

এ বিষয়ে সেতু বিভাগের সচিব ও বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক মোহাম্মদ আবদুর রউফ বলেন, ‘প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী আমরা জনসেবা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। ইটিসি রেজিস্ট্রেশনের মাধ্যমে পদ্মা সেতুতে যাতায়াতকারী যানবাহনগুলো দ্রুততম সময়ে পারাপার হতে পারবে, যা দেশের সামগ্রিক অর্থনৈতিক গতিশীলতা বৃদ্ধিতে সহায়ক হবে।’

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, পদ্মা সেতুর উভয় প্রান্তের জেলাগুলোতে নির্ধারিত বুথে রেজিস্ট্রেশন কার্যক্রম চলমান রয়েছে। এ কারণে সংশ্লিষ্ট সকল যানবাহনের মালিক ও চালকদের দ্রুততম সময়ের মধ্যে ইটিসি রেজিস্ট্রেশন সম্পন্ন করে এ সেবা গ্রহণের আহ্বান জানানো হয়েছে।

সংশ্লিষ্টরা বলছেন, পদ্মা সেতু শুধু যোগাযোগ ব্যবস্থার উন্নয়নেই নয়, বরং দেশের অর্থনৈতিক কার্যক্রমকে আরও গতিশীল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

ভিওডি বাংলা/সবুজ/আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
দেশের সব উপজেলায় ‘মিড ডে মিল’ চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর
দেশের সব উপজেলায় ‘মিড ডে মিল’ চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর
দেশব্যাপী হামের টিকাদান কর্মসূচি শুরু ২০ এপ্রিল: সংসদে স্বাস্থ্যমন্ত্রী
দেশব্যাপী হামের টিকাদান কর্মসূচি শুরু ২০ এপ্রিল: সংসদে স্বাস্থ্যমন্ত্রী
দেশে ২৮৪৭ গ্রামে প্রাথমিক বিদ্যালয় নেই: শিক্ষামন্ত্রী
দেশে ২৮৪৭ গ্রামে প্রাথমিক বিদ্যালয় নেই: শিক্ষামন্ত্রী