• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

ভিসা জটিলতায় কিরগিজস্তানে ফিরতে পারছেন না শতাধিক বাংলাদেশি শিক্ষার্থী

নিজস্ব প্রতিবেদক    ৬ এপ্রিল ২০২৬, ১২:৩১ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

কিরগিজস্তানে অধ্যয়নরত দেড়শতেরও বেশি বাংলাদেশি মেডিকেল শিক্ষার্থী ভিসা জটিলতার কারণে দীর্ঘদিন ধরে বাংলাদেশে আটকে আছেন। শিক্ষার্থীদের দাবি, ২০২৫ সালের জুলাই থেকে তারা দেশে অবস্থান করছেন। তবে কিরগিজ ভিসা পোর্টালে স্টুডেন্ট ভিসা ক্যাটাগরি উন্মুক্ত থাকলেও বাংলাদেশি শিক্ষার্থীদের আবেদন অনুমোদন করা হচ্ছে না। এতে তারা একটি পূর্ণ সেমিস্টার হারিয়েছেন এবং অনেকেই বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কারের হুমকির মুখে পড়েছেন।

সোমবার (৬ এপ্রিল) জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে কিরগিজস্তানে অধ্যয়নরত ভুক্তভোগী বাংলাদেশি শিক্ষার্থীরা এসব কথা জানান।

সংবাদ সম্মেলনে শিক্ষার্থীরা জানান, কিরগিজস্তানের বিভিন্ন স্বীকৃত মেডিকেল বিশ্ববিদ্যালয়ে বর্তমানে শত শত বাংলাদেশি শিক্ষার্থী এমবিবিএস কোর্সে অধ্যয়ন করছেন। এর মধ্যে রয়েছে, কিরগিজ স্টেট মেডিকেল একাডেমি (কেএসএমএ), ইন্টারন্যাশনাল ইউরোপিয়ান ইউনিভার্সিটি (আইইইউ), সালিমবেকভ মেডিকেল ইউনিভার্সিটি (এসএমইউ) এবং আভিসেনা ইন্টারন্যাশনাল মেডিকেল ইউনিভার্সিটি (এআইএমইউ)সহ আরও কয়েকটি মেডিকেল বিশ্ববিদ্যালয়।

তাদের ভাষ্য, বিভিন্ন প্রশাসনিক কার্যক্রম সম্পন্ন করতে অথবা বিশ্ববিদ্যালয় স্থানান্তর প্রক্রিয়ার অংশ হিসেবে স্বল্প সময়ের জন্য তারা বাংলাদেশে ফিরেছিলেন। তবে পুনরায় কিরগিজস্তানে যাওয়ার জন্য ভিসার আবেদন করলে তা কোনো ব্যাখ্যা ছাড়াই আটকে যাচ্ছে। এ বিষয়ে বাংলাদেশের রাষ্ট্রদূত কিরগিজস্তান সফর করলেও এখন পর্যন্ত কার্যকর কোনো সমাধান আসেনি বলে দাবি করেন তারা।

শিক্ষার্থীরা বলেন, ভিসা জটিলতায় তাদের শিক্ষাজীবনে মারাত্মক প্রভাব পড়েছে। ইতোমধ্যে একটি পূর্ণ সেমিস্টার নষ্ট হয়েছে এবং অনেক শিক্ষার্থী বহিষ্কারের নোটিশের মুখে পড়েছেন। এছাড়া টিউশন ফি, আবাসন ও অন্যান্য খাতে পরিশোধ করা অর্থও কার্যত ক্ষতির মুখে পড়েছে। ভবিষ্যৎ ক্যারিয়ার নিয়ে শিক্ষার্থী ও তাদের পরিবার চরম মানসিক চাপে রয়েছেন বলেও জানান তারা।

সংবাদ সম্মেলনে তারা আরও জানান, সমস্যার সমাধানে ঢাকাস্থ কিরগিজ অনারারি কনস্যুলেট, বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়, উজবেকিস্তানে অবস্থিত বাংলাদেশি দূতাবাস, নয়াদিল্লিস্থ কিরগিজ দূতাবাস, কিরগিজ পররাষ্ট্র মন্ত্রণালয়ের কনস্যুলার বিভাগ এবং সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। তবে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক সমাধান বা সুনির্দিষ্ট সময়সীমা পাওয়া যায়নি।

এই পরিস্থিতিতে শিক্ষার্থীরা প্রধানমন্ত্রী তারেক রহমানের সরাসরি হস্তক্ষেপ কামনা করেন। একই সঙ্গে তারা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে জরুরি কূটনৈতিক উদ্যোগ গ্রহণ, কিরগিজস্তানে বাংলাদেশি দূতাবাস বা দায়িত্বশীল কনস্যুলার সাপোর্ট চালুর দাবি জানান। পাশাপাশি শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমে কিরগিজ শিক্ষা ও পররাষ্ট্র মন্ত্রণালয়ে আনুষ্ঠানিক যোগাযোগ এবং চলমান শিক্ষার্থীদের জন্য বিশেষ ভিসা অনুমোদন ব্যবস্থার দাবিও তোলেন তারা।

শিক্ষার্থীরা বলেন, তারা নতুন ভিসাপ্রার্থী নন; বরং কিরগিজ বিশ্ববিদ্যালয়গুলোতে ইতোমধ্যে নিবন্ধিত চলমান শিক্ষার্থী। কিরগিজ প্রজাতন্ত্রের আইন, অভিবাসন নীতি ও নিরাপত্তা বিধিমালার প্রতি পূর্ণ সম্মান রেখেই তারা শুধু তাদের পড়াশোনা চালিয়ে যেতে চান।

ভিওডি বাংলা/এমআই/আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
হাজারীবাগে বিশেষ অভিযানে গ্রেপ্তার ২৯
হাজারীবাগে বিশেষ অভিযানে গ্রেপ্তার ২৯
গ্যাসলাইট কারখানায় আগুন: এখনো উদ্ধার কাজ চালাচ্ছে ফায়ার সার্ভিস
গ্যাসলাইট কারখানায় আগুন: এখনো উদ্ধার কাজ চালাচ্ছে ফায়ার সার্ভিস
পুরান ঢাকায় যুবদল নেতাকে গুলি, হাসপাতালে ভর্তি
পুরান ঢাকায় যুবদল নেতাকে গুলি, হাসপাতালে ভর্তি