খাইবার পাখতুনখোয়ায় ভারী বৃষ্টিতে নিহত ৪৫

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলের খাইবার পাখতুনখোয়া প্রদেশে টানা প্রবল বর্ষণে অন্তত ৪৫ জনের মৃত্যু হয়েছে। গত ২৫ মার্চ থেকে শুরু হওয়া এই প্রাকৃতিক দুর্যোগে পুরো অঞ্চলে ভয়াবহ মানবিক বিপর্যয় দেখা দিয়েছে।
প্রাদেশিক দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ পিডিএমএ জানিয়েছে, বৃষ্টিজনিত বিভিন্ন দুর্ঘটনায় ১০০ জনেরও বেশি মানুষ আহত হয়েছেন।
সংস্থাটির তথ্য অনুযায়ী, নিহতদের মধ্যে শিশুদের সংখ্যাই সবচেয়ে বেশি। নিহত ৪৫ জনের মধ্যে ২৩ জন শিশু, ১৭ জন পুরুষ এবং ৫ জন নারী রয়েছেন। আহতদের মধ্যেও শিশুদের সংখ্যা উল্লেখযোগ্য; ৪৪ জন শিশুর অবস্থা আশঙ্কাজনক।
টানা বৃষ্টিতে মাটি নরম হয়ে যাওয়ায় পাহাড়ি জেলাগুলোতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বহু বাড়ির ছাদ ও দেয়াল ধসে পড়েছে। পিডিএমএ’র তথ্যমতে, প্রদেশজুড়ে অন্তত ৪৪০টি বাড়ি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং কয়েক ডজন বাড়ি সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে।
দুর্গত এলাকাগুলোতে স্থানীয় প্রশাসন ও স্বেচ্ছাসেবী সংগঠনগুলো উদ্ধার কার্যক্রম চালিয়ে যাচ্ছে।
পিডিএমএ আরও জানিয়েছে, আগামী ৬ থেকে ৯ এপ্রিল পর্যন্ত প্রদেশে পুনরায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এতে ভূমিধসের ঝুঁকি আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
বর্তমান পরিস্থিতিতে জরুরি প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের না হওয়ার জন্য জনগণকে সতর্ক করেছে কর্তৃপক্ষ। পাশাপাশি ঝুঁকিপূর্ণ পর্যটন এলাকাগুলোতে ভ্রমণ থেকে বিরত থাকতে পর্যটকদের কঠোরভাবে সতর্ক করা হয়েছে।
সূত্র : জিনহুয়া
ভিওডি বাংলা/আ







