• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

জঙ্গি নাটক

৯ হত্যা মামলার অভিযোগ গঠন শুনানি আজ

আদালত প্রতিবেদক    ৬ এপ্রিল ২০২৬, ০৯:১৮ এ.এম.
ছবি: সংগৃহীত

রাজধানীর কল্যাণপুরের ‘জাহাজবাড়ি’ নামে পরিচিত একটি ভবনে কথিত জঙ্গি নাটক সাজিয়ে ৯ তরুণকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ আটজনের বিরুদ্ধে অভিযোগ গঠনের বিষয়ে আজ শুনানি অনুষ্ঠিত হবে।

সোমবার (৬ এপ্রিল) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদার-এর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ শুনানি হওয়ার কথা রয়েছে। প্যানেলের অন্য সদস্যরা হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরী।

এর আগে গত ৮ মার্চ মামলার পলাতক ছয় আসামির পক্ষে রাষ্ট্রীয় প্রতিরক্ষা আইনজীবী নিয়োগের আবেদন করেন প্রসিকিউটর গাজী এমএইচ তামিম। একই সঙ্গে শুনানির জন্য সময় প্রার্থনা করা হয়। এরই ধারাবাহিকতায় আজ অভিযোগ গঠন নিয়ে শুনানি অনুষ্ঠিত হচ্ছে।

বর্তমানে গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছেন দুজন আসামি। তারা হলেন সাবেক পুলিশ মহাপরিদর্শক একে এম শহিদুল হক এবং ঢাকা মহানগর পুলিশের সাবেক কমিশনার মো. আসাদুজ্জামান মিয়া।

অন্যদিকে পলাতক আসামিদের মধ্যে রয়েছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, তৎকালীন অতিরিক্ত কমিশনার শেখ মুহম্মদ মারুফ হাসান, তৎকালীন সন্ত্রাসবিরোধী ইউনিট প্রধান মনিরুল ইসলাম, তৎকালীন যুগ্ম কমিশনার (অপরাধ) কৃষ্ণ পদ রায় এবং তৎকালীন গোয়েন্দা বিভাগের যুগ্ম কমিশনার আব্দুল বাতেন। তাদের আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়ে গত ২২ ফেব্রুয়ারি দুটি জাতীয় দৈনিকে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।

চলতি বছরের ২৯ জানুয়ারি প্রসিকিউশনের দাখিল করা আনুষ্ঠানিক অভিযোগ আমলে নিয়ে আটজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।

প্রসিকিউশনের অভিযোগ অনুযায়ী, ২০১৬ সালের ২৫ জুলাই রাতে রাজধানীর কল্যাণপুরে ‘জাহাজবাড়ি’ নামে পরিচিত একটি ভবনে কথিত জঙ্গি আস্তানায় অভিযান চালায় পুলিশের সন্ত্রাসবিরোধী ইউনিট। ‘অপারেশন স্ট্রম-২৬’ নামে ওই অভিযানে ৯ তরুণকে গুলি করে হত্যা করা হয়। এ ঘটনায় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আটজনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে মামলা দায়ের করা হয়।

ভিওডি বাংলা/আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বেইলি রোড ট্র্যাজেডি: ২২ জনের বিরুদ্ধে সিআইডির অভিযোগপত্র
বেইলি রোড ট্র্যাজেডি: ২২ জনের বিরুদ্ধে সিআইডির অভিযোগপত্র
দেশে হামের তাণ্ডব: শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখতে রিট
দেশে হামের তাণ্ডব: শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখতে রিট
চৌধুরী আলম গুমেও আড়িপাতার কারিগর মামুন খালেদ
চৌধুরী আলম গুমেও আড়িপাতার কারিগর মামুন খালেদ