‘চুক্তি না হলে ইরানকে সম্পূর্ণ উড়িয়ে দেওয়া হবে’— ট্রাম্পের হুমকি

ইরান ৪৮ ঘণ্টার মধ্যে চুক্তিতে রাজি না হলে দেশটিকে ‘সম্পূর্ণ উড়িয়ে দেওয়ার’ হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম এবিসি নিউজ-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন।
সাক্ষাৎকারে এবিসি নিউজের জ্যেষ্ঠ রাজনৈতিক প্রতিবেদক র্যাচেল স্কট জানতে চান, ইরানকে দেওয়া আগের দুই থেকে তিন সপ্তাহের সময়সীমা বহাল আছে কি না। জবাবে ট্রাম্প বলেন, সময়সীমা কয়েক সপ্তাহ নয়, বরং ‘কয়েক দিনের’ হওয়া উচিত।
তিনি দাবি করেন, ইরান ইতোমধ্যেই ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং পরিস্থিতি দিন দিন আরও খারাপ হচ্ছে। ট্রাম্পের ভাষায়, দেশটিকে প্রতিদিন নতুন করে অবকাঠামো গড়ে তুলতে হচ্ছে।
ইরানের বেসামরিক অবকাঠামোকে লক্ষ্যবস্তু করার হুমকিতে আন্তর্জাতিক মহলে উদ্বেগ তৈরি হয়েছে। বিশেষ করে পারস্য উপসাগরের গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি ঘিরে উত্তেজনা আরও বেড়েছে।
গত ফেব্রুয়ারির শেষ দিকে যুক্তরাষ্ট্র-ইসরায়েল সংশ্লিষ্ট সংঘাতের পর ইরান হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে বিধিনিষেধ আরোপ করে। এতে বৈশ্বিক জ্বালানি সরবরাহে বড় ধরনের প্রভাব পড়ে এবং বিশ্ববাজারে প্রতি ব্যারেল তেলের দাম ১০০ ডলার ছাড়িয়ে যায়।
হরমুজ প্রণালি খুলে দিতে গত কয়েক সপ্তাহে একাধিকবার সময়সীমা বেঁধে দিয়েছেন ট্রাম্প। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি মঙ্গলবার রাত ৮টা (ইস্টার্ন টাইম) পর্যন্ত নতুন সময়সীমা নির্ধারণ করেন।
এর আগে দ্য ওয়াল স্ট্রিট জার্নাল-কে দেওয়া সাক্ষাৎকারেও তিনি সতর্ক করে বলেন, নির্ধারিত সময়ের মধ্যে ইরান ব্যবস্থা না নিলে দেশটির বিদ্যুৎকেন্দ্র ও সেতুসহ গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো অক্ষত থাকবে না।
ট্রাম্পের এই কড়া অবস্থান নিয়ে রাশিয়া, চীনসহ বিশ্বের বিভিন্ন দেশ উদ্বেগ প্রকাশ করেছে।
সূত্র: আল-জাজিরা
ভিওডি বাংলা/আ







