বকেয়া বেতনের দাবিতে তেজগাঁওয়ে পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ

বকেয়া বেতনের দাবিতে রাজধানীর তেজগাঁও লিংক রোডে বিক্ষোভ ও সড়ক অবরোধ করেছেন পোশাকশ্রমিকরা। এতে সকাল থেকে গুরুত্বপূর্ণ এই সড়কে যান চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে ভোগান্তিতে পড়েন যাত্রীরা। পরে পরিস্থিতি স্বাভাবিক হলে যানবাহন চলাচল পুনরায় শুরু হয়।
পুলিশ জানায়, রোববার (৫ এপ্রিল) সকাল ১০টার পর তেজগাঁও লিংক রোডের মহাখালী ও নাবিস্কোর মধ্যবর্তী এলাকায় নাসা গ্রুপের প্রায় ৭০০ থেকে ৮০০ শ্রমিক সড়কে অবস্থান নেন। তারা দীর্ঘদিনের বেতন বকেয়া পরিশোধের দাবিতে এ কর্মসূচি পালন করেন। হঠাৎ করে সড়ক অবরোধের ফলে তেজগাঁও-মহাখালী-উত্তরা এবং উত্তরা-মহাখালী-তেজগাঁও রুটে যান চলাচল পুরোপুরি স্থবির হয়ে পড়ে।
অবরোধ চলাকালে ট্রাফিক পুলিশ বিকল্প সড়ক ব্যবহারের পরামর্শ দেয়। যাত্রীদের ভোগান্তি কমাতে এলিভেটেড এক্সপ্রেসওয়ে ব্যবহার করে উত্তরা-মহাখালী রুটে চলাচলের নির্দেশনা দেওয়া হয়। পাশাপাশি মহাখালী ফ্লাইওভার হয়ে উত্তরা, গুলশান ও বনানী থেকে তেজগাঁওমুখী যান চলাচল সচল রাখা হয়।
এছাড়া কাকলী মোড় থেকে কামাল আতাতুর্ক সড়ক হয়ে গুলশান-২ ও নতুন বাজার হয়ে রামপুরা ও হাতিরঝিলগামী যানবাহন চলাচলের বিকল্প ব্যবস্থা চালু ছিল। বিপরীত দিক থেকেও একইভাবে ডাইভারশন কার্যকর রাখা হয়।
ভিওডি বাংলা/জা







